হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার শরীরে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হওয়ার পর বর্তমানে সুস্থ আছেন পাকিস্তানের বিখ্যাত এই ব্যাটসম্যান।
তিনদিন ধরে বুকের ব্যথার কথা জানিয়েছিলেন ইনজামাম। প্রাথমিকভাবে তার শরীর পরীক্ষা করে কিছু না পাওয়া গেলেও সোমবারের দেখা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। এর ফলে তাকে অস্ত্রোপচার করতে হয়েছিল। এখন তিনি সুস্থ আছেন, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইনজামাম পাকিস্তানের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৩৭৫টি ম্যাচ খেলে ১১৭০১ রান করেছেন। এছাড়া টেস্টে ১১৯ ম্যাচে ৮৮২৯ রান করে দেশটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তিনি পাকিস্তানের সবচেয়ে সেরা অধিনায়কদেরও একজন হিসেবে বিবেচিত।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইনজামাম পরবর্তীতে পাকিস্তানের ক্রিকেটে নানা ভাবে কাজও করেছেন। ব্যাটিং পরামর্শকের পর তিনি ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। পূর্বে আফগানিস্তানের হেড কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
একাত্তর/এআর
