টাইগারদের সামাল দিতে পিএনজির বিশেষ প্রস্তুতি

দুই দুইটা প্রস্তুতি ম্যাচে হেরে যখন মনোবল চাঙা রাখা মুশকিল হচ্ছে টাইগারদের, তখন বাংলাদেশের বিপক্ষে নির্ভয়ে খেলার প্রত্যয়ের কথা জানিয়েছে পাপুয়া নিউগিনি। 

টাইগার স্পিনারদের সামলানোই হবে মূল চ্যালেঞ্জ, আর সেটার জন্য পিএনজি বিশেষ প্রস্তুতিও নিয়েছে বলে জানিয়েছেন দলটির ক্যাপ্টেন আসাদ ভালা। 

উড়তে থাকা বাংলাদেশ দল ওমানে গিয়েই কেমন যেনো ছন্দহীন। শ্রীলংকা আর আয়ারল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচ হেরেছে টাইগাররা। এতে কিছু হলেও মনোবলে চির ধরেছে রিয়াদের দলের।

আহত বাঘদের খোঁচা দিতে ভুলে যাননি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দল পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ওমানের সাথে খেলতে নামবে আসাদের দল। ওমান, বাংলাদেশ, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড একই গ্রুপে থাকলেও সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়েই সাংবাদিকদের সামনে বেশি কথা বলতে হয়েছে আসাদকে।

পাপুয়া নিউগিনির কাপ্তান সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে ভয় পায় না তার দল। তিনি বলেন, বিশ্বকাপে বাংলাদেশ আমাদের চেয়ে অনেক শক্তিশালী হলেও আমরা ভয় পাই না। নিজেদের ওপর আস্থা এবং বিশ্বাস রেখেই খেলতে নামতে চাই মাঠে’।

আরও পড়ুন: বাংলাদেশকে ভয় পায়না পাপুয়া নিউগিনি

আহত বাঘ কতোটা ভয়ংকর হতে পারে তাও জানা আছে আসাদের। বাংলাদেশের বিশ্বমানের স্পিন আক্রমণের মুখে পাপুয়া নিউগিনির খেলার কৌশল কী হবে সেটাও জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, বিশ্বমানের স্পিনারদের মুখোমুখি হতে হবে এটা আমাদের জানা আছে। এ জন্য আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। বাংলাদেশের স্পিনারদের ভয় না পেয়ে নিজেদের সেরাটা দেয়ার জন্যই আমরা উদগ্রীব হয়ে আছি। 

এবারের বিশ্বকাপটা পাপুয়া নিউগিনির জন্য ঐতিহাসিক, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মাঠে খেলবে দলটা। করোনা মহামারিতে ব্যাপক ক্ষতি হয়েছে দেশটার, বিশ্বকাপে ভালো কিছু করে সেই ক্ষতি পুষিয়ে নিতে চায় পাপুয়া নিউগিনি। 


একাত্তর/এসজে