বেড়া টপকে মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে চুমু

মিরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তান খেলার দ্বিতীয় ইনিংসের সময় নর্দান গ্যালারির লোহার শেকল টপকে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয় করোনার নিয়মের কারণে।

এই ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছাপিয়ে আলোচনায় চলে এসেছে নিরাপত্তা ইস্যু। করোনাভাইরাসের মধ্যে দর্শক ফিরিয়ে বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনিংসের ১৩তম ওভারে কড়া নিরাপত্তা আর বেষ্টনী ডিঙিয়ে নর্দান গ্যালারি থেকে সোজা মাঠে ঢুকে পড়েন এক সমর্থক।

সে ওভারে প্রথম বলের পর বোলার মুস্তাফিজের পায়ের কাছে কাছে বসে ‘ভালোবাসা’ প্রকাশ করেন সেই সমর্থক। পরে নিরাপত্তাকর্মীরা দৌড়ে এসে ওই দর্শককে তুলে নেন।  নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করার আগে মুস্তাফিজের পায়ে চুমু খান ঐ ভক্ত। একটু পর তুলে নেওয়া হয় মুস্তাফিজকেও। 

তবে এই ঘটনা নিয়ে শঙ্কিত নয় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘দর্শক প্রবেশের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই। দর্শক যারা মাঠে প্রবেশ করেছেন, সবারই টিকা ডাবল জোজ নেওয়া আছে। সেটি তো পরীক্ষা করেই ভেতরে ঢোকানো হচ্ছে। তবুও মুস্তাফিজ যেহেতু সংস্পর্শে গেছে, তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে নিরাপত্তার কথা ভেবে।’

তিনি আরও বলেন, এটাকে আমরা ক্লোজ কন্টাক্ট বলছি না। কারণ মুস্তাফিজ খুব বেশি ক্লোজ ছিল না। তবুও আমরা যথেষ্ট সতর্ক। মুস্তাফিজকে টেস্ট করানো হবে। আইসিসির প্রটোকল অফিসার আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে দুই টিমের সকল ক্রিকেটার ও মাঠে উপস্থিত ম্যাচ অফিশিয়ালদের টেস্ট করানো হবে।’


একাত্তর/এস