ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা। আর তাই আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মোর্শেদুল ইসলাম।
সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ২০৫ ধারা মোতাবেক তাম্মিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়।
আবেদনে আইনজীবী বলেন, যেহেতু আসামি তামিমা সুলতানা ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেহেতু আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। তাই আসামি তামিমা সুলতানাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা একান্ত আবশ্যক।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কোনও আদেশ না দিয়েই আবেদনটি নথিভুক্ত করে এ বিষয়ে আদেশের জন্য এবং একই সঙ্গে চার্জ গঠনের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।
আরও পড়ুন: স্ত্রী-শাশুড়িসহ জামিন পেলেন ক্রিকেটার নাসির
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়িলে তা তাম্মির সাবেক স্বামী রাকিবের নজরে আসলে একই বছর ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তিনি মামলা দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু।
মামলায় অভিযোগ করা হয়েছে, রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও উল্লেখ করা হয়।
একাত্তর/টিএ