বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাশওয়েল প্রিন্স।
প্রিন্সের বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন (আইএলও) জানিয়েছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকেই এই পদত্যাগ কার্যকর হবে। সে হিসেবে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এবং আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না তিনি।
আইএলও বলছে, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই মূলতঃ বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রিন্স।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানান, আমরা কিছুক্ষণ আগে তার পদত্যাগের ই-মেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: সেই নারী পর্যটককে গণধর্ষণের আলামত পায়নি চিকিৎকরা
গত বছরের জুলাইয়ে প্রোটিয়াদের হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে। শুরুতে জিম্বাবুয়ে সফরের সময় এই সাবেক প্রোটিয়া ব্যাটার বাংলাদেশ দলের সঙ্গে শর্ট-টার্মে যোগ দিলেও পরে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
একাত্তর/এসি