পচা শামুকে পা কাটলো বায়ার্ন মিউনিখের

চ্যাম্পিয়ন লিগের ছয়বারের শিরোপাধারী বায়ার্ন মিউনিখের কাছে একেবারে পুচকেই মনে হচ্ছিলো ভিয়ারিয়ালকে। কিন্তু সেই পুচকেরাই বড়ো একটি কাজ করে দেখালো। শেষ ষোলতে জুভেন্টাসকে বিদায় করা ভিয়ারিয়ালের শিকার এবার বায়ার্ন মিউনিখ।

বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ফিরতি লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল। এর আগে গত সপ্তাহে নিজেদের মাঠে প্রথম লিগে ১-০ গোলে জয় পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি। ফলে দুই লিগ মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ২-১। এই জয়ের মধ্য দিয়ে ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো ভিয়ারিয়াল।


ম্যাচের শুরুতেই বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তখনও হয়তো কেউ ভাবতে পারেননি শেষে তাদের জন্য কান্না অপেক্ষা করছে। পুরো ম্যাচেও দাপট দেখিয়েও আর গোল আদায় করে নিতে পারেনি তারা। উল্টো, ৮৮ মিনিটে ভিয়ারিয়ালের নাইজেরিয়ান উইঙ্গার সামু চুকভেজের গোলে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে। অথচ সামুকে ম্যাচের মূল একাদশেই রাখেননি ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি। ৮৪ মিনিটের সময় তাকে ফরাসি মিডফিল্ডার ফ্রান্সিস কোকুইলানের জায়গায় নামানো হয়। এতেই বাজিমাত।

পুরো ম্যাচে ২৩টা শট নিয়েছে বায়ার্ন। এর মধ্যে মাত্র চারটি ছিল অন টার্গেট এবং এর একটি লক্ষ্যভেদ করতে পেরেছে। বল নিজেদের দখলে ছিল ৬৮ শতাংশ সময়। 


একাত্তর/এসি