টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী আইসিসি

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগামছাড়া সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যু। এসবের মধ্যেই ভারতকে লাল তালিকায় ফেলেছে যুক্তরাজ্য।

এই পরিস্থিতিতে আইসিসি টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী জুনে ইংল্যান্ডের সাউদাম্পটনে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা কোহলীদের। তবে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারিত সময়ে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগামী ১৮-২২ জুন সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে অনুষ্ঠিত হওয়ার কথা প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আইসিসি আশাবাদী নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের বিষয়ে। কোহলীদের ভিসা নিয়ে এরিমধ্যে আলোচনা শুরু করেছে আইসিসি। যুক্তরাজ্য সরকার এনিয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানিয়ে দেয়ার কথা জানিয়েছে। 

টুইটারে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘মহামারীর মধ্যেও নিরাপদে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেট কীভাবে আয়োজন করা যায় সে ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং অন্যান্য সদস্যরা তাদের পরিকল্পনার কথা জানাচ্ছে। তাই যুক্তরাজ্যে পরিকল্পনা অনুযায়ী জুনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী।’ যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, ‘ভারতে করোনার নতুন যে প্রজাতি প্রথম দেখা দিয়েছিল তাতে আমাদের দেশে এখন ১০৩ জন আক্রান্ত। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদেশে প্রবেশাধিকারের বিষয়ে ভারতীয়দের লাল তালিকাভুক্ত করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা।’

উল্লেখ্য, প্রথম দেশ হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। এরপর ঘরের মাঠে চার ম্যাচের সিরিজে জো রুটের ইংল্যান্ডকে ৩-১ পরাস্ত করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে বিরাট কোহলীর টিম ইন্ডিয়া।