শঙ্কার পর স্বস্তি ফিরলো লিটন-মুশফিকের সেঞ্চুরিতে

বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন দিয়েই শুরু হয়েছিলো আজকের ম্যাচ। স্কোরবোর্ডে ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিলো টাইগাররা। তবে শেষমেশ দলের হাল ধরেন মুশফিকুর রহিম আর লিটন দাস। দু’জনে ভেঙেছেন ৬৩ বছরের পুরোনো রেকর্ড।

ফলে সোমবার (২৩ মে) প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।

২৫২ বলে ১৩ চারে ১১৫ রানে ব‍্যাট করছেন মুশফিক। তার সঙ্গে ৪৬৯ বলে ২৫৩ রানের জুটি উপহার দেয়া লিটন ২২১ বলে ১৬ চার ও এক ছক্কায় খেলছেন ১৩৫ রানে। টেস্টে এটাই তার সর্বোচ্চ, আগের সেরা ছিলো পাকিস্তানের বিপক্ষে গত বছর খেলা ১১৪।

শুরুটা ভালো হয়নি টাইগারদের। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়।

এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

মুমিনুল হক আরো একবার আউট হয়েছেন দশের নিচে। ৯ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে টানা ছয় ইনিংসে দশের নিচে সাজঘরে ফিরলেন তিনি।

আত্মবিশ্বাসী দেখাচ্ছিল নাজমুল হোসেন শান্তকে। কিন্তু মুমিনুল ফেরার পরের ওভারেই রাজিথা বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে (৮)।

আরও পড়ুন: টেস্ট দলে মুস্তাফিজ ও ওয়ানডেতে ফিরলেন বিজয়

পরের বলে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান (০)। রিভিউ নিয়েছিলেন, কিন্তু আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাক পান সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৭৭/৫ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, মুশফিক ১১৫*, সাকিব ০, লিটন ১৩৫*; রাজিথা ১৯-৫-৪৩-৩, আসিথা ১৭-২-৮০-২, জয়াবিক্রমা ২৯-৯-৮১-০, রমেশ ১২-০-৪১-০, ধনাঞ্জয়া ৪-০-১৫-০, করুনারত্নে ৪-১-৮-০)।


একাত্তর/আরএ