দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের পাঁচ গোল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল।  

বৃহস্পতিবার (২ জুন) সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে স্বাগতিকদের উড়িয়েই দিয়েছে সেলেকাওরা।

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া হলেও ব্রাজিলের এই ম্যাচ ঘিরে ছিল বাড়তি উচ্ছ্বাস কারণ রাতেই ইতালির বিপক্ষে ফিনালিসিমায় জয় পেয়েছে আর্জেন্টিনা।

ইনজুরি শঙ্কা থাকলেও নেইমারকে নিয়েই একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ। সেলেকাওরা শুরু থেকেই আক্রমণ শানিয়েছে দক্ষিণ কোরিয়ানদের বিরুদ্ধে। 


ম্যাচের সাত মিনিটেই তারা পায় প্রথম গোলের দেখা। ব্রাজিলের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো গতির সঙ্গে বল নিয়ে বক্সে ঢুকে পড়ে জোরালো ক্রস দেন। মিডফিল্ডার ফ্রেডের শট স্ট্রাইকার রিচার্লিসনের টাচে জালে জড়িয়ে যায়।  

ওই গোল খেয়েই পাল্টা এক আক্রমণে তা শোধও করে দেয় হিউয়েন সন মিনের দক্ষিণ কোরিয়া। ঘরের মাঠে কোণঠাসা হয়ে পড়া কোরিয়া ৩১ মিনিটে সমতায় ফেরে। হোয়াং উই জোর দুর্দান্ত শট লাফিয়েও ফেরাতে পারেননি অ্যালিসন-এদেরসনের বদলে শুরুর একাদশে খেলা ব্রাজিলের গোলরক্ষক উইভারটন। 

প্রথমার্ধের তিন মিনিট বাকি থাকতেই ব্রাজিল আবার লিড নেয়। গোল করেন নেইমার। তার পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তিতের দল। 


দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার গোল করেন নেইমার। এবারও তার গোলটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয় সেট পিসও আদায় করেন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো। 

শেষ দুই গোল করেন বদলি নামা ফিলিপে কুতিনহো এবং গ্যাব্রিয়েল জেসসু। 

নেইমার ৭৭ মিনিটে কুতিনহোকে খেলার সুযোগ করে দেন। মাঠে নামার তিন মিনিটের মাথায় গোল করেন তিনি। 

এরপর ৯১ মিনিটে দলের জয়ের ব্যবধান ৫-১ করেন ম্যানসিটি স্ট্রাইকার জেসুস। তাকে গোলে সহায়তা দেন বদলি নামা মিডফিল্ডার ব্রুনো গুইমারেস।


একাত্তর/জো