টেনিসে লাল দুর্গের রাজত্ব ফিরে পেলেন নাদাল

লাল দুর্গের রাজত্ব ফিরে পেয়েছেন রাফায়েল নাদাল। রোঁলা গ্যাঁরোয় পুরুষ এককের ফাইনালে তারই শিষ্য ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩ ও ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারে ২২তম গ্র্যান্ড স্লাম জিতেছেন এই স্প্যানিশ তারকা। অন্যদিকে মৌসুমের তৃতীয় গ্রান্ড স্লাম।

রোববার ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিলেন নাদাল। অনায়াসেই জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রুড। চতুর্থ গেমে নাদালের সার্ভিস ব্রেক করে জাগান আশা। 

আর তাতে যেন আরও তেতে ওঠেন স্প্যানিশ তারকা। এরপর আর কোনো গেমই জিততে পারেননি রুড। টানা ১১ গেম জিতে হাত উঁচিয়ে নাদাল প্রমাণ করেন, লাল দুর্গে তিনিই রাজা। 

দু’ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ক্যারিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও এখন এই তারকার। 

একই বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতলেন নাদাল। এবার লক্ষ্য উইম্বলডন। তাই আগামী সপ্তাহে নতুন কোনও চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চোট সারাতে চান নাদাল।

২৭ জুন থেকে শুরু উইম্বলডন টেনিস। দু’বার সবুজ ঘাসের কোর্টে জিতেছেন নাদাল। আরও এক বার জেতার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্লাবের পর এবার জাতীয় দলের হয়ে মেসির পাঁচ গোল

ফরাসি ওপেন জিতে নাদাল বলেন, উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাই না। মনে হয় না কেউ উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাইবে। উইম্বলডনে খেলতে ভালবাসি। 

তবে এই ফাইনালের আগেও নাদালকে ইঞ্জেকশন নিয়েই খেলতে হয়েছে চোটের কারণে। তাই এবার চোটের চিকিৎসা করেই তিনি লড়তে চান উম্বলডনের সবুজ ঘাসে। 


একাত্তর/এসি