ফরাসি দুর্দশায় শেষ পেরেক ঠুকলো ক্রোয়েটরা

উয়েফা নেশনস লিগে তৃতীয় আসরে এসে যেন জিততে ভুলেই গেছে ফ্রান্স। চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি তারা। ডেনমার্কের বিপক্ষে হেরে আসর শুরুর পর গত দুই ম্যাচে ড্র করেছিল এমবাপেরা। ধারাবাহিক এই ফরাসি দুর্দশায় আরেক পেরেক ঠুকলেন মদ্রিচ।

গতরাতে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। এই হারে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার আশাও শেষ হয়ে গেল ফ্রান্সের। আর ফরাসিদের বিপক্ষে প্রথম জয়ের আনন্দে ভাসছে ক্রোয়েশিয়া। দল দুটির আগের ৯ বারের মুখোমুখি লড়াইয়ে ফ্রান্সের জয় ছয়টি, বাকি তিনটি ড্র।

সোমবারের ম্যাচে ফ্রান্সের মাঠ থেকেই এই জয় তুলে নেয় ক্রোয়েটরা। 


ম্যাচ শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল শোধে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা, করতে থাকে একের পর এক আক্রমণ। তবে ক্রোয়েট পাহাড় আর টপকানো হয়নি ফ্রান্সের, তাদের জালে দেখা মেলেনি বলের। 

তিন দিন আগে অস্ট্রিয়ার বিপক্ষে কোনোমতে হার এড়ানো ফ্রান্স এদিন পঞ্চম মিনিটেই গোল খেয়ে বসে। তাদের ডি-বক্সে আন্তে বুদিমিরি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজে। মদ্রিচের জোরাল স্পট কিকে গোলরক্ষক মাইক মিয়াঁ বলে হাত লাগালেও রুখতে পারেননি।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বল নিয়ে দারুণ কারিকুরিতে ডি-বক্সে ঢুকে পড়েন বেনজেমা। তবে প্রতিপক্ষ ঘিরে রাখায় শট নেওয়ার জায়গা বের করতে পারেননি তিনি, শেষে বলও হারিয়ে ফেলেন। পরের মিনিটে এমবাপের আরেকটি দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।


শেষ দিকে আরও মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ভালো সুযোগও পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। একেবারে শেষ সময়ে ইব্রাহিমা কোনাতের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশায় মাঠ ছাড়ে ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে তাদেরকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দিদিয়ে দেশমের দল।

দিনের আরেক ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানো ডেনমার্ক তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া।

তিন নম্বরে অস্ট্রিয়ার পয়েন্ট ৪, তাদেরও ফাইনালসে ওঠার সম্ভাবনা এখনও টিকে আছে।


একাত্তর/এসি