বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের নেশন্স লিগ ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনা ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে দুমড়ে-মুচড়ে দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দূরন্ত দলটি।
ম্যাচের ঠিক আগেই গ্যালারিভর্তি সমর্থকদের সামনে বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধরেন তারকা রদ্রি, আর মাঠের খেলায় সেই উদযাপনের আগুনে ঘি ঢালেন স্প্যানিশ ফুটবল জাদুকর লামিন ইয়ামাল। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে অ্যালেক্স বায়েনার চমৎকার পাস থেকে নিখুঁত কার্লিং শটে দলকে এগিয়ে নেন এই তরুণ বিস্ময়।

২৮ মিনিটে দিওন বেলজোর হেডে সমতায় ফিরে কিছুটা চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় মাত্র তিন মিনিট! লামিন ইয়ামালের বাড়ানো বুলেট গতির ক্রসে অসাধারণ হেডে গোল করে মার্ক পুবিল স্পেনকে আবারও এগিয়ে দেন। বিরতির পর ৬৩ মিনিটে পেদ্রির পাস থেকে ডি-বক্সের আঁটসাঁট কোণ থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ইয়ামাল। এরপর ৮৯ মিনিটে বদলি হিসেবে নেমে শেষ পেরেকটি ঠুকে দেন নিকো উইলিয়ামস, যা ৪-১ ব্যবধানের এক বিশাল জয় সুনিশ্চিত করে।
অন্যদিকে, প্রাগের মাঠে ১০ জনের দল হয়ে পড়া চেক প্রজাতন্ত্রের শক্ত প্রতিরোধ ভেঙে ২-০ গোলের জয় ছিনিয়ে এনেছে থমাস টুশেলের ইংল্যান্ড। ম্যাচের ২৩ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেকদের পাভেল সুলচ।

প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই বছর পর শুরুর একাদশে ফেরা অ্যালেকজান্ডার আর্নল্ডের ভাসানো পাসে হেডে গোল করে থ্রি লায়ন্সদের এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।
এরপর ৬৯ মিনিটে সুবিধাজনক স্থানে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। নেশন্স লিগের অন্য ম্যাচে ১১ মিনিটে জ্যাক হেনরি লাল কার্ড দেখলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড।
তথ্যসূত্র: রয়টার্স
