তামিম ইকবাল ঝড়ো ফিফটি পর মাহমুদউল্লাহর ভালো শুরু টেনে নিয়ে ইনিংস বড়ো করলেন। তার ব্যাটে ভর করেই জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে ৯ উইকেটে সফরকারীদের সংগ্রহ ২৯০ রান।
রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নাম বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৯০ রান। মাহমুদউল্লাহর হার না মানা ৮০ রানের সঙ্গে তামিমের ৫০ ও আফিফের ৪১ রানে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা।
তবে বাংলাদেশের আজকের ইনিংসটিও ছিল ধীর গতির। জিম্বাবুয়ের বোলারদের সমীহ করে ৩০০ বলের ১৪৯টি-ই ডট দিয়েছে সফরকারীরা। অর্থাৎ ৫০ ওভারের ইনিংসে ডট হয়েছে প্রায় ২৫ ওভার। আর নিজেরা ব্যাট থেকে রান তুলেছে ২৫ ওভারে।
ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নেওয়া তামিম ওয়ানডেতে আজ করা তার ৫৫তম অর্ধশতক আসে ৪৩ বলে। যেখানে ১০ চার ও এক ছয়ে করেন ৪৪ রান। অর্থাৎ ১১ বলেই ৪৪ করেন তিনি। পরে ৫০ রান করে ফেরা তামিম ৪৫ বলের মধ্যে ৩০টি-তে কোনো রানই নেননি।
এদিন মাত্র ২৫ বল খেলেই রান আউট হয়ে যান নয়া ওপেনার এনামুল বিজয় (২০)। মাঝখানে শান্ত ও মুশফিক হাল ধরলেও সেটি স্থায়ী হয়নি। মুশফিক ফিরেছেন ২৫ আর শান্ত ৩৮ রানে। তবে এক পাশ আগে ছিলেন রিয়াদ। তাকে ভালো সঙ্গ দিয়েছেন আফিফ (৪১)।
শেষদিকে ফিফটির কোটা ছোয়ার পর কিছুটা দ্রুত রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাটে। তার ৮৩ বলে ৮০ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৯০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের হয়ে ৫৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অফ স্পিনার সিকান্দার রাজা।
একাত্তর/এসি