আফগান তোপে অল্পতেই গুটিয়ে গেলো লঙ্কানরা

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বোলারদের কাছে বিধ্বস্ত হলো লঙ্কান ব্যাটাররা। টপ ওর্ডার থেকে মিডল ওর্ডার সবখানেই লঙ্কান ব্যাটারেদর হতশ্রী। 

এদিন ৬০ রান তুলতে পাঁচ উইকেট হারানো শ্রীলঙ্কার শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলটি আর খেলা হয়নি। ততোক্ষণে তাদের ইনিংস গুটিয়ে গেছে  মাত্র ১০৫ রানে। জিততে আফগানদের লক্ষ্য ১০৬।

শনিবার (২৭ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। 

প্রথম ওভারেই বামহাতি পেসার ফজলহক ফারুকি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। এর মধ্যে কুশলের আউটটিতে আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জেতে আফগানিস্তান। সেই ধাক্কায় আরও একটি উইকেট হারান লঙ্কানরা।

এর পর ধানুশকা গুনাতিলকা ও ভানুকা রাজাপক্ষ কিছুটা প্রতিরোধ গড়লেও তা ধোপে টেকেনি। গুনাতিলকা (১৭) মুজিবের শিকার হলেও রান আউটের খপ্পড়ে পড়েন ভানুকা (৩৮)।

তারপর লঙ্কান ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ৩১ রান সংগ্রহ করেন চামিকা করুনারত্নে। বলা যায়, তার কল্যাণেই শ্রীলঙ্কার স্কোর বোর্ড শতকের ঘর দেখেছে।

আফগান বোলারদের মধ্যে ফারুকি তিনটি, মুজিবুর রহমান, মোহাম্মদ নবী দুটি করে এবং নাভেদুল হক একটি উইকেট লাভ করেন।

তবে এদিন রশিদ খান বল হাতে কোনো উইকেট না পেলেও তার হাতের আঙুল গলে যেন পানি পড়ারও উপায় ছিল না। চার ওভার বল করে দিয়েছেন মাত্র ১২ রান।

এখন দেখার পালা, আফগানদের কাঙ্খিত সেই উদযাপনটি হয় কি না।


একাত্তর/এসি