মুশফিকের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ টাইগারদের

ব্যাটিং বিপর্যয়ের দিনে মুশফিকের দায়িত্বশীল ব্যাটিয়ে লঙ্কান্দের বিরুদ্ধে লড়াকু সংগ্রহের দেখা পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিজের ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১২৭ বলে ১২৫ রানে তার ইনিংস থামার সাথেই ৪৮ ওভার ১ বলে সমাপ্তি ঘটে বাংলাদেশের ইনিংসের। 

টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামলেও সূচনাটা ভালো ছিল না স্বাগতিকদের। টপ অর্ডারের ব্যর্থতায় ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। সে বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালিয়ে গেছেন গত ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। টপের বাকিরা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন মুশফিক। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ৮৭ রানের প্রতিরোধ জুটি পরে ভালো সংগ্রহের ভিত গড়েছে। গুরুত্বপূর্ণ এই জুটি ভেঙেছে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে। প্যাডেল সুইপ করতে গিয়ে  উইকেটকিপারের গ্লাভসবন্দি হয়ে মাহমুদউল্লাহ ফেরেন ৪১ রানে।

এর পরেই ছন্দ পতন ঘটেছিল ইনিংসে। পর পর দুই ওভারে ফিরেছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।  তবে নিজ লক্ষ্যে যেন অবিচল ছিলেন মুশফিক। পরপর দুইবার বৃষ্টির বিদ্রুপকে উপেক্ষা করে বৃষ্টি বিরতির পর তিনি তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিতেই ভর করেই শেষ পর্যন্ত লড়াকু স্কোরের দেখা পেয়েছে স্বাগতিকরা।  

পরে চামিরার বলে ক্যাচ তুলে দেওয়ায় ১২৫ রানেই শেষ হয় মুশফিকের ইনিংস। তার বিদায়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় ৪৮.১ ওভারেই।  

লঙ্কানদের পক্ষে ৪৪ রানে তিনটি উইকেট নিয়েছেন দুষ্মন্থ চামিরা, ৫৪ রানে তিনটি নিয়েছেন লাকসান সান্দাকান। দুটি নিয়েছেন ইসুরু উদানা ও একটি নিয়েছেন হাসারাঙ্গা। 


একাত্তর/এসএ