লঙ্কাকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড, কষ্ট পেলো অজিরাও

নিজেদের ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে সেমিফাইনালে চলে গেলো ইংলিশরা। যদিও শ্রীলঙ্কা বেশ আগেই সেমি থেকে বাদ পড়েছে, তবে তার চেয়েও বেশি দুঃখ পেলো স্বাগতিক অস্ট্রেলিয়া। বাটলাদের জয়ে ঘরের মাঠে সেমিফাইনাল খেলা হলো না তাদের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস ২৪ বলে ৩৯ রানের জুটিতে ভালো শুরু করেন তারা। 

কুশলের (১৮) বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ধনঞ্জয়ার সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন নিসাঙ্কা। তবে ধনঞ্জয়ার বিদায়ের পরই রানের গতি কমতে থাকে। দুই অঙ্কে পৌঁছার আগেই আশালঙ্কাকে ফেরান স্টোকস। 

চতুর্থ উইকেটে বড়ো সংগ্রহের সম্ভাবনা দেখাচ্ছিলেন নিসাঙ্কা ও ভানুকা রাজাপাকোশে। কিন্তু ৬৭ রানে থাকা নিসাঙ্কা আদিল রশিদের বলে আউট হলে রানের চাকা আরও শ্লথ হয়ে যায়। ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 

ইংলিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক উড। একটি করে উইকেট পেয়েছেন রশিদ, স্টোকস, ক্রিস ওকস ও স্যাম কারান। 

জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ও অ্যালেক্স হেলস দুর্দান্ত গতিতে রান তুলতে থাকেন। ৭৫ রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র ৪৪ বলে। সেখানেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ইংলিশরা।

তবে ঘুরে দাঁড়িয়েছে লড়াকু লঙ্কানরা। ৪৪ রানের ব্যবধানে ইংলিশদের ছয় ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচেও ফিরেছিল। কিন্তু শেষ ওভারের খেলায় হার মানতে হয়। ৩৬ বলে ৪২ রান করে ইংল্যান্ডকে জয়ের পথ দেখান স্টোকস। 

প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশীদ।


একাত্তর/এসি