পেলের শেষকৃত্যে নেই নেইমার, অন্তর্জালে সমালোচনার ঝড়

সর্বকালের সবচেয়ে আলোচিত ফুটবল তারকা পেলের মৃত্যু শোকে কাতর গোটা ফুটবল বিশ্ব। ৮২ বছর বয়সে গত বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি। সোমবার পেলের মরদেহ নিয়ে যাওয়া হয় তার তরুণ বয়সের ক্লাব সান্তোসে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান সকলে। মঙ্গলবারও চলে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এ নিয়ে অন্তর্জালে বইছে সমালোচনার ঝড়। নেট-নাগরিকদের তোপের মুখে পড়েছেন পিএসজি তারকা।   

নেইমারের ক্যারিয়ারের শুরুও এই সান্তোস যুব একাডেমিতে। পরে বার্সেলোনায় গিয়ে তারকা হয়েছিলেন এ ফরোয়ার্ড। ফলে সান্তোস সমর্থকদের ক্ষোভ যেন আরও বেড়েছে। 

টিএনটি ব্রাজিল জানিয়েছে, পেলের শেষকৃত্যে যাওয়ার জন্য নেইমারের বর্তমান ক্লাব পিএসজি তাকে অনুমতি দেয়নি। যা অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপ। 

অন্যদিকে একটি সূত্রের বরাতে স্পেনের মার্কা পত্রিকা বলছে, নেইমার নিজেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ ব্রাজিল ভ্রমণের জন্য এটি উপযুক্ত সময় নয়। 

শেষকৃত্যে নেইমারের না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলের জনপ্রিয় সাংবাদিক লুইজ দাতেনা বলেন, নেইমার যদি ক্লাবের থেকে ছুটি নিত, তাহলে নিশ্চয় ক্লাব তাকে ছেড়ে দিত। বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য তো ক্লাবের ওপর জোর খাটায় নেইমার, অথচ পেলেকে শ্রদ্ধা জানাতে আসতে পারল না? আমার মনে হয় ব্রাজিলের খেলোয়াড় হিসাবে নেইমারের উচিত ছিল পেলের শেষযাত্রায় আসা। এটা ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।

এতো সমালোচনার পরও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি নেইমার। 

তবে পেলের মৃত্যুর পর নেইমার বলেন, পেলের আগে ১০ শুধুই একটা সংখ্যা ছিল। কোথাও একটা এমন লেখা পড়েছিলাম। এই বাক্যটা সুন্দর তবে অপূর্ণ। আমি বলবো, পেলের আগে ফুটবল শুধুই একটা খেলা ছিল। সব কিছু পাল্টে দিয়েছিলেন পেলে। ফুটবলকে শিল্প বানিয়ে দিয়েছিলেন তিনি। খেলাটাকে সুন্দর করে তুলেছিলেন। আনন্দ দিয়েছিলেন। গরীব এবং বিশেষ করে কৃষ্ণাঙ্গদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন পেলে। ব্রাজিলকে স্বপ্ন দেখতে সাহায্য করেছিলেন। ধন্যবাদ রাজা, তোমার জন্য ফুটবল এবং ব্রাজিলের স্থান উঁচু হয়েছে। পেলে নেই কিন্তু তার জাদু থেকে যাবে। পেলে সব সময় থেকে যাবেন।

উল্লেখ্য, ব্রাজিলের ১০ নম্বর জার্সি বর্তমানে নেইমারের। এ জার্সি পরেই খেলতেন পেলে।


একাত্তর/আরবিএস