বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠছে মিরপুরে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে, মাশরাফির সিলেটের মুখোমুখি হচ্ছে শুভাগত হোমের চট্টগ্রাম।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

সিলেট দলের সবচেয়ে বড় চমক কোচিং প্যানেলে। বাংলাদেশের খ্যাতনামা সাবেক ক্রিকেটারদের জুড়ে সাজিয়েছে তাদের কোচিং প্যানেল। দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন রাজিন সালেহ, সহকারী কোচ সৈয়দ রাসেল।

এছাড়া ব্যাটিং কোচ হিসেবে আছেন তুষার ইমরান। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন। ডলার মাহমুদকে রাখা হয়েছে ফিল্ডিং কোচ হিসেবে। তাছাড়া ম্যানেজার হিসেবে থাকছেন সাবেক ওপেনার নাফিস ইকবাল।

সিলেটের হয়েও ভালো কিছু করার আশা মাশরাফির। তিনি বলেন, (এবার কী হবে) বলা কঠিন। তবে দলটি খুব গোছালো মনে হচ্ছে। যারা কোচিং স্টাফে আছে, ক্রিকেটার সবার ভেতরে মেলবন্ধনও ভালো। তবে দিন শেষে মাঠে ভালো খেলতে হবে। আমরা আশা করছি এই বছর ভালো কিছু করতে।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম মনে করেন, তাদের দলের প্রধান শক্তি হলো টিম স্পিরিট। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে তিনি বলেন, আমাদের স্ট্রেন্থ হল টিম স্পিরিট। আমাদের দল ভারসাম্যপূর্ণ। সেই হিসেবে আমরা শিরোপার আশা করতেই পারি। তাই সকলের মতো আমাদেরও লক্ষ্য এক। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো।

সিলেট সানরাইজার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব, টম মুরস, গুলবদিন নাইব।

আরও পড়ুন: বিপিএল ম্যাচ বিনামূল্যে সরাসরি দেখা যাবে দারাজ অ্যাপে

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), আফিফ হোসেন, বিশ্ব ফার্নেন্দো, আশান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যাম্পের,  মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান,  তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার, ম্যাক্স ও’ডাউড, উন্মুক্ত চাঁদ।  


একাত্তর/আরআই/আরএ