পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন বেল

মাত্র ৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন ওয়েলস ফুটবল তারকা গ্যারেথ বেল। সোমবার (৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ফুটবল ক্যারিয়ারের অবসানের ঘোষণা করেন তিনি।

২০০৬ সালে সাউদাম্পটনের হয়ে ক্যারিয়ার শুরু করা এই ফুটবলার খেলেছেন টটেনহ্যাম হটস্পার, রিয়াল মাদ্রিদ এবং এলএএফসির হয়ে। এসময় তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় বেল বলেন, সতর্কতা এবং চিন্তাশীল বিবেচনার পর আমি ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবিলম্বে অবসর ঘোষণা করছি।

নিজেকে ভাগ্যবান উল্লেখ করে বেল লেখেন, খেলাটাকে ভালবাসি, সেই খেলায় নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আমি আপ্লুত। এটি সত্যিই আমাকে আমার জীবনের বেশ কিছু সেরা কিছু মুহূর্ত দিয়েছে। ১৭টি মৌসুম জুড়ে যে ভালবাসা পেয়েছি, তা সহজ কিছু নয়। জানি না জীবনের পরবর্তী অধ্যায়ে কী অপেক্ষা করছে।'

ক্লাব পর্যায়ে বেল তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন সাউদাম্পটনে। ২০০৭ সালে তার অসাধারণ পারফর্ম্যান্সের জন্য টটেনহামে পাড়ি জমান এই ওয়েলস তারকা। স্পার্সে লেফট-ব্যাক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরে  আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়য়ে উঠেন বেল।  

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ তাকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো দিয়ে ছয় বছরের চুক্তিতে দলে ভেড়ায়, যা তৎকালীন সময়ে বিশ্ব-রেকর্ড ফি ছিলো। স্পেনে তার অর্জন ছিলো অসাধারণ।

স্পেনে বেল তিনটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল’রে এবং পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ (২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০২২) জিতেছেন। যদিও শেষ দিকে মাদ্রিদের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। যার জেরে ২০২০-২১ মৌসুমে নিজের সাবেক ক্লাব স্পার্সে লোনে পাঠায় মাদ্রিদ। 

২০২২ সালে জুনে মাদ্রিদের সঙ্গে যাত্রা শেষ করে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন গ্যারেথ বেল। অবশেষে নতুন বছরের শুরুতেই বিদায় জানালেন এই ফুটবল তারকা। লস অ্যাঞ্জেলসের ইতিহাসের প্রথম বড় শিরোপাটি আসে গ্যারেথ বেলের হাত ধরেই।

এমএলএস কাপের ফাইনালে ১২৮ তম মিনিটের অতিরিক্ত সময়ে বলের হেডে গোল আসে, যার ফলে ৩-৩ গোল নিয়ে ম্যাচ পেনাল্টি শুট-আউটে যায়। সেই ম্যাচে জয়ের দেখা পায় লস অ্যাঞ্জেলস।    

ওয়েলসের হয়েও তিনি ছিলেন একজন নায়ক। তার নেতৃত্বেই ১৯৫৮ সালের পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ওয়েলস।  

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১১টি ম্যাচ খেলছেন তিনি। ওয়েলসের হয়ে গ্যারেথ বেল সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি করেছেন সর্বোচ্চ ৪১টি গোল। 

অবসরের সময় নিজের সাবেক ক্লাব, সতীর্থ, পরিবার, কোচসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার আগের ক্লাব সাউদাম্পটন, টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদ এবং অবশেষে এলএএফসি, আমার সমস্ত ম্যানেজার এবং কোচ, ব্যাকরুম স্টাফ, সতীর্থ, সমস্ত ভক্ত, আমার এজেন্ট, আমার আশ্চর্যজনক বন্ধু এবং পরিবারের প্রতি আমার শ্রদ্ধা। তারা আমার ওপর যা প্রভাব ফেলেছেন তা অপরিসীম।

অবসরের ঘোষণার পর, তার সাবেক ক্লাব ও সতীর্থরাও তাকে শুভকামনা জানিয়েছে। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ বেলের বেশ কিছু সেরা মুহূর্তের ভিডিও করে প্রকাশ করে।  

এছাড়াও জাতীয় দল ও ক্লাবের বর্তমান ও সাবেক সতীর্থরাও তাকে শুভকামনা জানিয়েছেন। 

তবে তার পরবর্তী পরিকল্পনা কী তা ঘোষণা করেননি বেল।,বলেছেন, আমি আমার জীবনের পরবর্তী পর্যায়ে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি।' 

নতুন অ্যাডভেঞ্চার যাই হোক না কেন, তিনি বলেছেন যে তিনি তার ওয়েলস টিমের ওপর কড়া নজর রাখবেন।


একাত্তর/আরআই/এসি