ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হার পাকিস্তানের

করাচী জাতীয় স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে, টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান, ২৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নিউজিল্যান্ডকে। জবাবে ১১ বল হাতে রেখেই দুই উইকেটের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে কিউইরা।  

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় দুই রানে ওপেনার মাসুদ এবং ২১ রানে অধিনায়ক বাবর আজম ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন, এরপর রেজওয়ানকে নিয়ে আরেক ওপেনার ফাখার জামান গড়েন ১৫৪ রানের পার্টনারশিপ।

রেজওয়ান ৭৭ রান করে ফিরলেও, ফাখার তুলে নেন ওয়ানডেতে নিজের অষ্টম সেঞ্চুরি। তবে দুই বল পরেই, রান আউট হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর আঘা সালমানের ৪৫ রানে ভর করে ২৮০ রান তুলতে সক্ষম হয় বাবররা।  

বল হাতে কিউইদের টিম সাউদি তিনটি উইকেট নেন। লোকি ফার্গুসন নেন দুটি উইকেট। 

করাচীতে সিরিজ নির্ধারনি ম্যাচে ২৮১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে, দলীয় ৪৩ রানে ওপেনিং জুটি ভাঙে কিউইদের। ফিন অ্যালেন ২৫ রানে আউট হওয়ার পর, ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন মিলে ৬৫ রানের জুটি গড়েন। দুজনই অর্ধশতক করে আউট হয়েছেন।

তবে সাত নম্বরে নামা গ্লেন ফিলিপসের ম্যাজিকেই মূলত জয়ের দেখা পেয়েছে সফরকারীরা। ৪২ বলে ৪ চার ও ৪ ছক্কার ঝড়ো ব্যাটিংয়ে, ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকা এই কিউই ব্যাটার, জয় নিয়েই মাঠ ছাড়েন। 

ফলে দুই উইকেটের জয় নিয়ে, ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় কেন উইলিয়ামসনরা। 

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আগা সালমান দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া ওসামা মীর ও মোহাম্মদ নাওয়াজ নিয়েছেন একটি করে উইকেট।

স্কোর:

পাকিস্তান: ২৮০/৯ (৫০) 

নিউজিল্যান্ড: ২৮১/৮ (৪৮.১)

ফলাফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: গ্লেন ফিলিপস

সিরিজসেরা: ডেভন কনওয়ে


একাত্তর/আরআই