সাকিবের ঝড়ে বিপিএলের শীর্ষ দুইয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল আসরে শনিবার প্রথম ম্যাচে কুমিল্লাকে ১২ রানে হারিয়েছে বরিশাল। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুমিল্লার ইনিংস থামে ১৬৫ রানে। 

এর হারের ফলে এবারের বিপিএলে হারের বৃত্তে বন্দি থাকার ধারা অব্যাহত থাকলো কুমিল্লার। অন্যদিকে টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে টেবিলের দুইয়ে পৌঁছে গেছে বরিশাল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বরিশাল। 

দলের হয়ে ৪৫ বলে আট চার আর চার ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮১ রান করেন সাকিব। এছাড়া ২৭, ২১ ও ২০ রান করে করেন জাদরান, চাতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয়।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল কুমিল্লা। লিটনের সঙ্গে ওপেনিংয়ে নামেন রিজওয়ান। ম্যাচ শুরু হওয়ার পৌনে এক ঘণ্টা আগে তাকে হেলিকপ্টারে করে উড়িয়ে আনে দলটি।

তবে খুব বেশি প্রতিদান দিতে পারেননি তিনি। দুই ছক্কা হাঁকিয়েছিলেন। আরও একটি হাঁকাতে গিয়ে রাব্বির বল আকাশে তুলে আউট হন ব্যক্তিগত ১৮ রানে। ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি।

দলীয় ১০০ রানে পঞ্চম উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বিদায় নেন জাকের আলি অনিক। ইফতিখার আহমেদের আবেদনে মাঠের আম্পায়ার আঙুল তুলে দেন।

তখন তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন জাকের। রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, বল পড়েছিল লেগ স্টাম্পের বাইরে। কিন্তু অবিশ্বাস্যভাবে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ারও।

এরপরও চেষ্টা চালিয়েছিলেন খুশদিল শাহ ও সৈকত। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ৫৪ রান। কিন্তু জয়ের বন্দরের পৌঁছানো হয়নি তাদের। 

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বরিশালের ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৬ রানে। তানভিরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে মেহেদী হাসান মিরাজ লং অনে ধরা পড়েন লিটনের হাতে। 


তিন নম্বরে নেমে হাত খুলে খেলার চেষ্টা চালান চতুরঙ্গ। ২টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ১২ বলে ২১ রান করেছিলেন। তবে ইনিংস টানতে পারেননি। 

একই দশা আরেক ওপেনার ওপেনার এনামুল হক বিজয়েরও। ২০ বলে ২০ রান করে বোল্ড হয়ে যান খুশদিল শাহর বলে।

তবে এক প্রান্ত আগলে রেখে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সাকিব। ইব্রাহীম জাদরানকে নিয়ে চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়েন। 

এরপর ইফতেখারের সঙ্গে গড়েন ৩৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত থাকেন সাকিব। 

৪৫ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ২৭ রান। চলতি আসরে প্রথম সুযোগ পেয়েই ৩৩ রানে চার উইকেট নেন কুমিল্লার তানভির।


একাত্তর/আরবিএস