ইংলিশ লিগে মুসলিমদের জন্য ইফতার বিরতি

ইউরোপে একদিন আগেই শুরু হয়ে যায় পবিত্র মাহে রমজান। সেই ধারায় ইংল্যান্ডে বুধবার শুরু সিয়াম সাধনার মাস। মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র ধর্মীয় মাস রমজান। বিষয়টিকে মাথায় রেখেছে ইংলিশ ফুটবল লিগের কর্তৃপক্ষ। এজন্য দারুণ এক ঘোষণা দিয়েছে তারা। 

ইংল্যান্ডের সর্বোচ্চ দুই লিগ কর্তৃপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইংলিশ ফুটবল লিগ জানিয়েছে, ম্যাচ চলাকালীন ইফতারের সময় হলে খেলা বন্ধ করে বিরতি দেওয়ার প্রস্তাব করেছে রেফারি কমিটি। আর এতে তারা সায়ও দিয়েছেন। ফলে ইফতারের সময় খেলা বন্ধ থাকবে।

ইংলিশ লিগের ক্লাবগুলোতে অসংখ্য মুসলিম ফুটবলাররা খেলে থাকেন। বেশিরভাগ খেলোয়াড় রোজা রেখেই খেলা চালিয়ে যান। লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ, চেলসির ফ্রেঞ্চ ফুটবলার এনগোলো কান্তে এবং মরক্কোর হাকিম জিয়েচ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহারেজ- সবাই রোজা রেখে খেলায় অংশ নিয়ে থাকেন। 


বিভিন্ন দলের সব মুসলিম ফুটবলারদের আগে থেকে চিহ্নিত করে তাদের খেলার মাঝপথে বিরতি দেয়ার বিষয়ে একমত হয়েছেন রেফারিরা। বলেছেন, ইফতারের সময় হলে তারা রোজা ভাঙ্গার জন্য সময় পাবেন। নির্ধারিত সময় শেষে আবারও খেলায় ফিরতে পারবেন। 

২০২১ সালে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে ৩০ মিনিট পর ইফতারের জন্য বিরতি দিয়ে প্রসংশিত হয়েছিলেন রেফারি গ্রাহাম স্কট। ওই ম্যাচে ওয়েসলি ফোফানা ও চিকোও কোয়াতে ইফাতারি করেন। এটিই ছিল প্রিমিয়ারের ইতিহাসে ইফতারির জন্য প্রথম বিরতি।  

এই ম্যাচের আগে দুই দলই রেফারি গ্রাহাম স্কটের সঙ্গে আলোচনা করে একমতে পৌঁছেছিলেন। আর ওয়েসলি ফোফানা এবং চিকোও কোয়াতে যেন ম্যাচের মধ্যেই ইফতারি করতে পারেন।


একাত্তর/এসি