ব্রাজিলের নতুন কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলোত্তি। লাতিন আমেরিকার পরাশক্তি কোন দলের কাছ থেকে এই প্রস্তাবে ভীষণ খুশি ইতালিয়ান মাস্টারমাইন্ড।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির মেয়াদ ফুরালেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে দেখা যেতে পারে আনচেলোত্তিকে। হেক্সা ইজ কামিং হেক্সা ইজ কামিং.. বিশ্বকাপ এলেই শোনা যায় ব্রাজিলের এই স্লোগান। তবে দেখতে দেখতে কেটে গেলো দুই দশক। কতকিছু এলো গেলো, হেক্সা আর আসে না।
সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ফেবারিটের তকমা নিয়েই কাতারে পা রাখে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে লাভ হয়নি কোন। সেই হারের বেদনা নিয়েই খালি হাতে ফিরতে হয় দেশে।
আর ব্যর্থতার দায় নিয়ে ডাগআউট থেকে সরে দাড়ান কোচ তিতে। তারও কেটে গেলো মাস তিনেক। অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় র্যামন মেনেজেসের হাতে।
যার কৌশলে প্রীতি ম্যাচে ব্রাজিল হারে মরক্কোর বিপক্ষে। নতুন করে আবারো আলোচনা। কে হবেন নেইমারদের নতুন গুরু। শোনা গেছে হরেক নাম।
জোসে মরিনিও, কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদান, লুইস এনরিকেদের নিয়ে শুরু হয় গুঞ্জন। কখনো দেশি, কখনো বিদেশি, কিন্তু ব্রাজিল হতে পারেনি স্থির।
সবচেয়ে জোরেশোরে শোনা গেছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম। এবারে নীরবতা ভেঙে মুখ খুলেছেন এই ইতালিয়ান।
তিনি বলেন, ব্রাজিল আমাকে চায়, শুনে দারুন লাগছে। তবে আমি রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ এবং আমি রিয়ালের সাথেই থাকতে চাই যতদিন সম্ভব।
২০২৪ সালের জুনে রিয়ালের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে আনচেলোত্তির। এরপরেই হয়তো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের ডাগআউটে দেখা যেতে পারে এই মাস্টারমাইন্ডকে।
আরও পড়ুন: এবার ইংরেজি ভাষা নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি!
কার্লো আনচেলোত্তি রিয়াল ছাড়লে কে হবেন লস ব্লাঙ্কোদের কোচ সে নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা-কণ্পনা। সবার উপরে উঠে এসেছে মরিসিও পচেত্তিনো।
২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত টটেনহামের কোচের দায়িত্ব পালন করেছেন এই আর্জেন্টাইন। তাঁর অধীনে টটেনহাম প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছে।
তবে গেল বছর ব্যর্থতার দায়ে ছাড়তে হয় পিএসজি শিবির। এই মুহুর্তে পুরো বেকার। রিয়ালের ম্যানেজার হওয়ার অফার পচেত্তিনোর জন্য রীতিমত জ্যাকপট।
একাত্তর/আরবিএস