আইপিএলে সোমবার রাতে বিগ স্কোরিং ম্যাচে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর দল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় বিরাট কোহলির রয্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। সেই ম্যাচে মেজাজ হারিয়ে ছিলেন বিরাট। পরের দিন তাই শাস্তির মুখে পড়তে হয়েছে।
সোমবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে হারে আরসিবি। তবে ম্যাচে একেবারে ব্যর্থ ছিলেন বিরাট কোহলি। আর পরের দিন খবর এলো, খেলার নিয়মভঙ্গের অভিযোগে জরিমানা হয়েছে তার। আরসিবি ব্যাটার বিরাট কোহলির ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
টিক কারণে জরিমানা হয়েছিলো সেটা জানা যায়নি। এনিয়ে আইপিএল কর্তারাও কিছু বলেননি। তবে জানা গেছে, দুরন্ত ইনিংস খেলার পরে শিবম দুবে যখন আউট হন, সেই সময় অত্যধিক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বিরাট। হয়তো সেই কারণেই জরিমানা করা হয়েছে তাকে।
সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দাপট দেখিয়েছেন দুই দলের ব্যাটাররা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। মাত্র ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন দলের ওপেনার ডেভন কনওয়ে। তারপর ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন শিবম দুবেও।
দুই ব্যাটারের দাপটে ২০ ওভারের শেষে ২২৬ রান তোলে ধোনির দল। জবাবে ২১৮ রানে শেষ হয়ে যায় আরসিবি ইনিংস। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান কোহলি। বাঁহাতি পেসার আকাশ সিংয়ের বল মিস করেন।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় আবারও বয়ান পাল্টালেন আলাভেজ
সেই বল গড়িয়ে অফস্টাম্পের বেল ফেলে দেয়। ম্যাচে খারাপ পারফরম্যান্সের পরের দিনই নেমে এলো জরিমানার খাঁড়া। আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, খেলার নিয়মভঙ্গের অভিযোগে কোহলির ম্যাচ ফি’র দশ শতাংশ কেটে নেয়া হবে।
একাত্তর/আরএ