নেইমার পিএসজি ছাড়তে চান, আর লিওনেলে মেসি ছেড়ে দিয়েছেনই। নতুন ঠিকানা নিশ্চিত না হলেও, এই আর্জেন্টাইন সুপারস্টার প্যারিসে অন্তত আর থাকছেন না।
কিন্তু এই অল্প কটা দিনও যেন সহ্য হচ্ছে না পিএসজি সমর্থকদের। লিগ ওয়ানের ম্যাচে অ্যাজাশিওর বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচেও দুয়োধ্বনি শুনতে হয়েছে মেসিকে।
কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সর্বকালের সেরা কে সেই বিতর্কের অবসান অনেকটাই। নিজ দেশে এখর তিনি রীতিমতো দেবতার আসনে।
কিন্তু ক্লাব ফুটবলের ভাগ্যটা ঘুরে গেছে ভিন্ন পথে, সেটার শুরু অবশ্য হয়েছে তার বার্সেলোনা ছাড়ার পর থেকেই। সেখান থেকে প্যারিসে আসার পরও সময় ভালো যাচ্ছে না তার।
সামনের সামার ট্রান্সফার উইন্ডোতেই প্যারিস ছেড়ে যাচ্ছেন মেসি, সেই খবর এতোদিনে পৌঁছে গেছে সবার কাছে। কিন্তু আর কটা মাস সবুর করতে পারছে না পিএসজি ফ্যানবেজ।
মাঠে নামলেই একসময় যে মেসি নিজের নামে জয়ধ্বনি শুনে অভ্যস্ত, সেটাই এখন পরিনত হয়েছে দুয়ধ্বনিতে। এমনকি সবশেষ ম্যাচে মেসিকে দুয়ো দিয়েছে প্রিন্সেস পার্কে গ্যালারি।
ম্যাচে মেসি কোনো গোল করতে পারেননি। উল্টো লোকালবয় এমবাপে স্কোরশিটে নাম তুলেছেন দুবার। আশরাফ হাকিমিও পেয়েছেন জোড়া গোল।
আর এই জয়ে পিএসজির লিগ ওয়ান টাইটেল নিশ্চিত হয়েছে অনেকটা। আর তাতেই মেসির ওপর চড়াও হয়েছে প্যারিসিয়ানরা।
কেবল দর্শক নয়, ক্লাব ম্যানেজমেন্টও মেসির ওপর নাখোশ। অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি।
ক্ষমা চাওয়ার পর অবশ্য সেই সময়সীমা কমানো হয়েছে। কিন্তু মেসিকে সেই আগের মতো উষ্ণ অভ্যর্থনা যে দেয়া হয়নি তা তো নিশ্চিত।
মেসির সাথে ঘটতে থাকা এমন ঘটনা যেন জীবনেরই প্রতিচ্ছবি। বিশ্বকাপ জেতার মাত্র কমাসের মধ্যেই যেন দেখে ফেলছেন মুদ্রার উল্টো পিঠও।
লিভিং লিজেন্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরও তো কম মানুষ খেপেনি। তাতেই পরিস্কার, আপনি রোনালদো হোন কিংবা মেসি, খারাপ সময় জীবনে আসতেই পারে।
একাত্তর/এআর