সিটির প্রিমিয়ার লিগ জয়ে আলোচনার কেন্দ্রে হালান্ড

বিশ্বের অন্যতম পুরনো পেশাদারি ফুটবল আসর, ইংলিশ প্রিমিয়ার লিগে এ যেন আরেকটি ভিনি ভিডি ভিসি গল্প। আর সেই গল্পের নায়ক হলেন আর্লিং হালান্ড। তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন প্রিমিয়ারের শিরোপা। ম্যানচেস্টা সিটির শিরোপা নয়, আলোচনাতেই তিনি। 

অবশ্য এর কারণও আছে। কারণ ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে হালান্ডের রেকর্ড গোলই মূল নিয়ামক হিসেবে কাজ করেছে। সিটিতে ক্যারিয়ারের প্রথম মৌসুমেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নরওয়েজিয়ান এই তরুণ।

সেই সঙ্গে, ম্যানচেস্টার সিটিতে নিজের প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সামনে আর্লিং হালান্ড। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও তাঁর ধারে কাছে নেই কেউ। ৩৩টি ম্যাচে ৩৬ গোলই শুধু নয়, সাতটি গোল করাতেও রেখেছেন ভূমিকা। 

গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ৫১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদ স্টেডিয়ামে আসার পর থেকেই হালান্ড ঝড় তুলেছেন। ইতোমধ্যেই তার চুক্তির অর্থের পরিমান বাড়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। কারণ সিটি চাইছে না, হালান্ডের দিকে অন্য কেউ হাত বাড়াক। 

আগস্টে ইংলিশ লিগে অভিষেকেই ওয়েস্টহ্যামের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এরপর আর ২২ বছর বয়সী এই স্ট্রাইকারকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিপক্ষের কাছে তিনি আতঙ্কে পরিণত হয়েছিলেন। বিশেষ করে তার গতি মাথা ব্যাথার কারণ ছিলো সব প্রতিপক্ষের কাছে। 

শনিবার তিন ম্যাচ হাতে রেখে সিটির লিগ শিরোপা জয়ে হালান্ডের এই গোলের রেকর্ডই বারবার সবার মুখে ঘুরছে। ৩৩ লিগ ম্যাচে ৩৬ গোল করে ১৯৯০ সালে এ্যালান শিয়েরার ও এন্ডি কোলের এক মৌসুমে ৩৪ গোলের রেকর্ড ভঙ্গ করেছেন হালান্ড। 

মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত তিনি করেছেন মোট ৫২ গোল, এর মধ্যে রয়েছে পাঁচটি হ্যাটট্রিক ও একটি পাঁচ গোলের কৃতিত্ব। ফলে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদারও তিনি। ৪৩ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জয়েও এগিয়ে হালান্ড। 


লিগে আরও দুই ম্যাচ বাকি ম্যান সিটির। হালান্ডের সুযোগ আছে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আছেন হ্যারি কেইন। তিনবার গোল্ডেন বুটজয়ী টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড চলতি মৌসুমে ৩৬ ম্যাচে করেছেন ২৭ গোল।

দারুন ভোজন রসিক হালান্ড তার প্রতিদিনের খাদ্য তালিকায় ৬ হাজার ক্যালোরি রাখেন, যেখানে থাকে দুধ, কলিজা, লাসাগনের মত খাবার। তারপরও নিজের ফিটনেস যথাযথ ভাবে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। প্রায়ই ইনস্টাগ্রামে হালান্ড নিজের পছন্দের খাবারের ছবি পোস্ট করেন।

তবে শুক্রবার রাতে হালান্ড নিজের ইনস্টাগ্রামে ভিডিও গেমস খেলার ছবি পোস্ট করেন। ম্যান সিটির এই তারকা মাইনক্র্যাফট খেলছিলেন। গেমসের ওপর ‘স্কয়াড’ নামের হ্যাশট্যাগও দেন। হালান্ডের ভিডিও গেমস খেলার স্ক্রিনশট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।


একাত্তর/এআর