কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। কম্বোডিয়ার রাজধানী নম পেনে অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।

গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। রাকিব হোসেনের একমাত্র গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন পরীক্ষায় নামার আগে আসছে ম্যাচটিও জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান বাংলাদেশি কোচ হাভিয়ের কাবরেরা।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, এখানে চার-পাঁচ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। এর আগে ঢাকায় এক সপ্তাহের ট্রেনিং করেছি। আমরা প্রস্তুত। কম্বোডিয়া আসতে পারাটা আমাদের জন্য দারুণ অনুভূতির, গত সেপ্টেম্বরে আমরা এখানে এসেছিলাম এবং আমরা জানি সেসময় কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলাম।

তিনি আরও বলেন, আমরা ভাগ্যবান যে, এখানে ট্রেনিংয়ের জন্য ভালো মাঠ পেয়েছি এবং টিফফি আর্মির বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কম্বোডিয়ার মতো মানসম্পন্ন দলের বিপক্ষের ম্যাচটি আমাদের সাফের জন্য পারফেক্ট প্রস্তুতির উপলক্ষ।

প্রায় এক বছর আগে নম পেনে জেতা ম্যাচেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন কাবরেরা। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই স্প্যানিশ কোচ জানালেন, অতীতের মতোই জয়ের মনোভাব নিয়ে নামবে তার দল।

আরও পড়ুন: দ্বিতীয় দিনে ২০ রান করেই অলআউট বাংলাদেশ

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে লেবানন, মালদ্বীপ ও ভুটান।


একাত্তর/আরএ