হারের বৃত্ত থেকে যেন কিছুতেই বের হতে পারছে না লিওনেল মেসির ইন্টার মায়ামি। সমর্থকদের বিশ্বাস মেসি মাঠে নামলেই কাটবে হতাশা। তবে, মায়ামির জার্সিতে কবে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টারকে, এমন প্রশ্ন সমর্থকদের মনে।
আর, ভার্চুয়ালি নয় এবার ইন্টার মায়ামির জার্সিতে রক্তমাংসের মেসিকে দেখতে চাইছে দলটির ভক্ত-সমর্থকরা। তাইতো ১২০০ মাইল পাড়ি দিয়ে ফিলাডেলফিয়ার মাঠ সুবারু পার্কে ছুটে এসেছেন এক ভক্ত। তবে হতাশ হয়েই ফিরতে হয় তাকে।
সপ্তাহ দুয়েক হয়ে গেলো লিওনেল মেসি নাম লিখিয়েছেন ইন্টার মায়ামিতে। এখনো জানা যায়নি চুক্তির বিস্তারিত। পিঙ্ক শার্টে কবে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টারকে এমন প্রশ্ন সবার মনে। অবশেষে খানিকটা আশার আলো। জানা গেলো মেসির ডেব্যু হওয়ার সম্ভাব্য ডেট।
নর্থ আমেরিকান ক্লাবটার মালিক জর্জ মাস নিশ্চিত করে জানান, সব কিছু ঠিকঠাক থাকলে ২১ জুলাই হবে লিও’র গ্র্যান্ড অভিষেক। লিগস কাপে মেক্সিকান সাইড ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন প্লেমেকার। মেসিকে বরণ করে নেয়ার মাহেন্দ্রক্ষণে ক্লাব কর্তৃপক্ষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নিরাপত্তা।
আর মেসির কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পরিবার নিয়ে নতুন ঠিকানায় ঠাই নেয়া। মানিয়ে নিতে হবে নতুন দেশ, নতুন ভাষা, সংস্কৃতির সাথে। তবে নতুন জার্নিতে মেসির কাজটা সহজ করে দিয়েছে আগে থেকেই কেনা তার বিলাসবহুল বাড়ি।
লিওনেল মেসিও যেন মুখিয়ে আছেন নতুন রূপে ফিরতে। সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বিশ্বকাপজয়ী। পুরো মনোযোগ দিতে চান ফ্লোরিডাতে আর তাইতো জাতীয় দল থেকে এক বছরের ছুটি চেয়েছেন এলএমেটন।
আরও পড়ুন: মালদ্বীপ বধে সাফে টিকে থাকলো বাংলাদেশ
সাত বারের ব্যালন ডি’অরজয়ী ২০২৪ কোপা আমেরিকাতে যোগ দিতে চান। এর আগে অবশ্য আর্জেন্টিনার বড় কোনো ইভেন্ট নেই। তবে বিশ্বকাপ বাছাই আছে যেগুলোতে মেসিকে ছাড়াই কৌশল সাজাতে হবে স্কালোনিকে।
একাত্তর/আরএ