মরুর বুকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনা পরিস্থিতিতে ভারত থেকে সরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সংক্ষিপ্ত ফরম্যাটে হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। শুক্রবার (২৫ জুন) ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ এ তথ্য জানালেও আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।

আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে ১৬ দলের বিশ্বকাপ। তবে আয়োজনের সব সত্ত্ব থাকবে ভারতেরই।

আইপিএলের ফাইনালের দিন কয়েকের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে বলে লিখেছে ক্রিকইনফো। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়ার পর আইপিএলের ফাইনাল হতে পারে ১৫ অক্টোবর, সে ক্ষেত্রে তার দু’দিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মে মাসে স্থগিত হয় এবারের আইপিএল, সেটির বাকি অংশও হবে সংযুক্ত আরব আমিরাতেই। পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই গ্রুপের খেলা হবে আরব আমিরাত এবং ওমানে। এই রাউন্ডে মোট ১২টি ম্যাচ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে, যারা যোগ দেবে সেরা আট দলের সঙ্গে।

আরও পড়ুন: ঢাকা প্রিমিয়ার লিগে ফাইনালের আগেই ফাইনাল!

নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টিতে সেরা আট দলের মধ্যে থাকতে না পারায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে। সেখানে বাকি সাত দল হলো- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউগিনি।


একাত্তর/আরএ