ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তাদের হাত ধরেই গেলো এক দশকে বিশ্বকাপসহ ক্রিকেটের সব শিরোপা ঘরে তুলেছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলছেন ধোনি। অন্যদিকে বিরাট এখনও ভারতীয় জাতীয় দলের অন্যতম ভরসা। খ্যাতির পাশপাশি বিশ্বের সর্বোচ্চ রোজগার করা ক্রিকেটারদের মধ্যেও শীর্ষে তারা। তবে এক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকে পিছে ফেলেছেন বিরাট।
২৯ মে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এনডিটিভি বলছে, ধোনির চেয়ে বিরাট অন্তত ১০ কোটি রুপি বেশি আয় করেছেন।
ট্রেডিং এবং বিনিয়োগ সংস্থা স্টক গ্রো'র প্রতিবেদন অনুসারে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে এক মৌসুমে ১৫ কোটি রুপি আয় করেন ধোনি। এছাড়া একাধিক কোম্পানিতে বিনিয়োগ, সামাজিক মাধ্যম থেকে নানামুখি আয়, একাধিক পণ্যের বিজ্ঞাপন এবং আবাসন ব্যবসা থেকে হাজার কোটি রুপি আয় করেছেন তিনি। ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার ৪০ কোটি রুপি।
অন্যদিকে কোহলির মোট সম্পদ রয়েছে এক হাজার ৫০ কোটি রুপির, যা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
৩৪ বছর বয়সী বিরাট 'এপ্লাস' চুক্তির মধ্যমে ভারতীয় দল থেকে বছরে আয় করেন সাত কোটি রুপি। প্রতিটি টেস্টের জন্য তার ম্যাচ ফি ১৫ লাখ রুপি, ওয়ানডেতে ছয় লাখ রুপি এবং প্রতি টি-টোয়েন্টি ম্যাচে পান তিন লাখ রুপি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে মাঠে নেমে বছরে পান আরও ১৫ কোটি রুপি।
এছাড়া জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ২৫২ মিলিয়ন বা ২৫ কোটিরও বেশি ফলোয়ার বিরাট কোহলির, যার ফলে বিজ্ঞাপন থেকে বিপুল পরিমাণ আয় করতে পারেন তিনি।
একাত্তর/আরবিএস