এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা শনিবার ১৭ জনের দল ঘোষণা করেছেন। দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজীদ হাসান। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
ইমার্জিং এশিয়া কাপে চার ম্যাচে তিন ফিফটি করা তানজীদ এশিয়া কাপের দলে থাকবেন এমনটাই ধারণা করা হচ্ছিলো।
এছাড়া দলে ফিরেছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান। গত এশিয়াকাপের পরে আর দলের হয়ে খেলা হয়নি মেহেদী হাসানের। নাসুম শেষ খেলেছিলেন আয়ারল্যান্ড সিরিজে।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাঈম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ।
এবারের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো- পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।
বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
একাত্তর/পিএজে/আরবিএস