আল হিলালে নেইমারের রাজসিক অভ্যর্থনা

রাজকীয় আয়োজনে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বরণ করে নিলো আল হিলাল। ঘরের মাঠ কিং ফাহাদ স্টেডিয়ামে নিজ তারকাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ৬৮ হাজার সমর্থক। নেইমারও এমন অভ্যর্থনায় মুগ্ধ। পরিচয়পর্ব শেষে স্টেডিয়ামে বসে দেখেছেন দলের খেলা। 

সৌদি আরবে রাতের আধার ভেদ করে ব্রাজিলিয়ান সাম্বার প্রতিকৃতি। নেইমার জুনিয়র, তার নতুন ঘরে এলেন, দেখলেন, প্রথম দর্শনেই মন কাড়লেন। আল হিলালও তাদের নতুন তারকাকে বরণ করে নিলো মহা আয়োজনে। 

গেল মঙ্গলবার সৌদির ট্রান্সফার রেকর্ড ভেঙে চুড়ে আল-হিলালে নাম লেখান নেইমার। এরপর থেকেই যেন কিং ফাহাদ স্টেডিয়ামে শুরু হয় সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। নেইমার আসবেন, এশিয়ার সেরা ক্লাবে তাকে স্বাগত জানাবে তার ভক্তরা। 

অবশেষে সেই প্রতীক্ষা ঘুচিয়ে চোখের সামনে এলেন তাদের স্বপ্নের নায়ক। গ্যালারি জুড়ে নীলের ঢেউ উঠলো মুহুর্মুহু, রিয়াদের আকাশে ভেসে উঠলো ‘নেইমার ইজ ব্লু’।

নেইমারকে বরণ করতে আল হিলাল আয়োজনে কোন কমতি রাখে নি। আতশবাজি, ড্রোন ডিসপ্লে, এলইডির চোখ ধাঁধানো আলোর রোশনাই বড় তারকার জন্য সব বড় সড় ব্যাপার। নেইমারও হাত নেড়ে তার ভক্তদের সাথে করে নিলেন ভালোবাসার আদান প্রদান।

পরিচয় পর্ব সন্ধ্যায় হলেও দুপুর থেকেই স্টেডিয়ামে আসতে শুরু করে আল হিলালের ফ্যানরা। গায়ে জার্সি, গালে সাদা নীল রঙের ছড়াছড়ি, যেন মরুর বুকে ইউরোপিয়ান ফুটবলের কার্বন কপি। তবে যেভাবে ইউরোপ ছেড়ে তারকারা সৌদির পথ ধরছেন তাতে আল হিলাল ফ্যানরা নিজেদের লিগ ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন।

এক দর্শক বলেন, আমি জানতাম ইউরোপ এবং অন্যান্য অনেক জায়গা থেকে অনেক খেলোয়াড় সৌদি লীগে যোগ দেবে, কারণ সৌদি লীগ এখন বিশ্বের শীর্ষ লিগগুলোর একটি। যখন রোনালদো আল-নাসরে আসেন, তখন তিনি পুরো ইউরোপকে সঙ্গে নিয়ে এসেছিলেন।

অপর আরেক সৌদি ফুটবল সমর্থক বলেন, নেইমারকে দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি। ও আমাদের হয়ে খেলবে এটা ভাবতেই ভাল লাগছে। আমি আশা নেইমার এবং বাকি প্লেয়াররা একসাথে ক্লাবের জন্য দারুণ কিছু করবে। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমরা আশা করি সে সৌদি লীগের জন্য এবং তার সমস্ত ভক্তের জন্য সেরা পারফরম্যান্স শো করবে। এমনটা হলে আমাদের লীগ সবাইকে ছাপিয়ে যাবে।

আরও পড়ুন: প্র্যাকটিসে ফিরেছেন তামিম ইকবাল

পরিচিতি পর্ব শেষে নিজ ক্লাবের খেলা উপভোগ করেন নেইমার। সমর্থকদের মত সতীর্থরাও হতাশ করেন নি। আল ফায়হার সাথে ম্যাচ শেষ করেছে ১-১ গোলের সমতায়।

পিএসজি থেকে নেইমারকে দলে তানতে ৯০ মিলিয়ন ইউরো বা এক১ হাজার ৭০ কোটি টাকা ট্রান্সফার ফি গুণতে হয়েছে আল হিলালকে। দুই বছরের চুক্তি। বছরে যা বেতন পাবেন তাতে চোখ কপালে ওঠার মতো। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৯৫ কোটি টাকা। এই একটা সাইনিংয়েই বিশ্বের টপ থ্রি পেইড ফুটবলারের একজন এখন নেইমার জুনিয়র।


একাত্তর/এসজে