টানা চতুর্থ জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় গেতাফেকে ২-১ গোলে হারিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত লস ব্লাঙ্কোরা।
লা লিগায় শেষ সময়ে জুড বেলিংহ্যামের গোলে নাটকীয় জয় পেলো রিয়াল মাদ্রিদ। সেইসাথে নয়া মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটাতেই জয় তুলে নিলো স্প্যানিশ জায়ান্টরা। যোগ করা সময়ে গোল করে বেলিংহ্যাম শুধু রিয়ালকেই জেতাননি সেইসাথে গড়েছেন অনন্য এক কীর্তি।
ম্যাচের শুরু থেকেই গেতাফেকে কোনরকম পাত্তা না দিয়ে একতরফা আধিপত্য দেখিয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকটা আক্রমণের পরেও উল্টো এক গোল হজম করে প্রথমার্ধ শেষ করে লস ব্লাঙ্কোরা। তবে বিরতি থেকে ফিরেই স্কোরশিটে নাম তোলে আনচেলত্তির দল। ৪৭ মিনিটে গোল করেন রিয়াল স্ট্রাইকার জোসেলু।
ম্যাচে তখনও ১-১ গোলে সমতা। পুরো খেলায় লস ব্লাঙ্কোদের ওয়ান সাইডেড কন্ট্রোল থাকলেও জয়টা ক্রমশ যাচ্ছে নাগালে বাইরে। সিজনে টানা তিন জয় পাওয়া রিয়ালের জয়রথ থামলো বুঝি এবার। তবে ত্রাতা হয়ে এলেন ইংলিশ মিডফিল্ডার। যোগ করা সময়ে স্ট্রেইট শটে স্কোরশিটে রিয়ালের নতুন তারকা জুড বেলিংহ্যাম।
এই গোলেই রিয়ালের আরো এক জয়। সেইসাথে রিয়াল শিবিরে বেলিংহ্যামের নয়া কীর্তি। বার্নাব্যুতে অভিষেকের পর থেকে চার ম্যাচ খেলে সবকটাতেই গোল পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার। এই শতকে এই কীর্তি আছে শুধু সাবেক রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
বুরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল তল্লাটে পা রেখেই যেন বদলে গেছেন বেলিংহ্যাম। চার ম্যাচের সবকটাতেই গোল, এক এ্যাসিস্ট। আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল।
গেলো সিজনে ডর্টমুন্ডের হয়ে ৪২ ম্যাচ খেলে পেয়েছেন মোটে ১৪ গোল। বার্নাব্যুতে আসার পর স্বপ্নের মত স্টার্ট পেয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। তিনিই কারিম বেনজামার প্রপার রিপ্লেসমেন্ট, সেটা প্রতিনিয়ত প্রমাণ করছেন এই ইংলিশ ম্যান। নিজের ফর্মটা কতো দূর টেনে নিতে পারেন আর সেটাই দেখার অপেক্ষা।