ক্রিকেট পাগল হিসাবে ভারতীয় দর্শকদের সুনাম আছে বিশ্বজুড়ে। বিশেষ করে, জাতীয় দলের জন্য তাদের সমর্থন প্রতিপক্ষের জন্য রীতিমতো মাথা ব্যাথার কারণ।
এমন পরিস্থিতিতে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফলে ম্যাচ টিকেট যে সোনার হরিণ হবে, সেটাই স্বাভাবিক।
আর বাস্তবে হচ্ছেও তা। সেমিফাইনালে খেলবে স্বাগতিক ভারত। ফলে, বাড়তি আবেগ তো কাজ করছেই। টিকেটের হাহাকার চারিদিকে। এর মধ্যেই চলছে টিকেটের কালোবাজারি। চড়া দামে বিকোচ্ছে টিকেট। জানা গেছে, কোন কোন আসনের টিকেটের মূল্য কালোবাজারে ছাড়িয়ে গেছে লাখ টাকার উপরে।
এরই মধ্যে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত একজনকে পাকড়াও করেছে মুম্বাইয়ের পুলিশ। প্রথম সেমির টিকেট কালোবাজারে দশ গুণ বেশি দামে বিক্রির খবর আসতেই তৎপর হয় মুম্বাই পুলিশ। কালোবাজারির অভিযোগে মালাড থেকে আকাশ কোঠারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তারা।
পুলিশ জানায়, নিজ বাড়ি থেকেই গ্রেফতার হয় কোঠারি। পুলিশ তদন্তে নেমে জানতে পারে দুই ও চার হাজার রুপির টিকেট বিক্রি হচ্ছে ২৫ থেকে ৫০ হাজার রুপিতে। এমনকি কমপ্লিমেন্টরি টিকেটের দামও আকাশ ছোঁয়া। পিটিআই জানাচ্ছে, কমপ্লিমেন্টরি টিকেট বিক্রি হয়েছে লক্ষাধিক টাকায়।
অভিযুক্ত কালোবাজারি কোথা থেকে টিকেট পাচ্ছিলেন, তাঁর সঙ্গে এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, এসব বিষয় খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই আকাশ কোঠারির বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, এর আগে চেন্নাই ও ব্যাঙ্গালুরুতেও টিকেট কালোবাজারির খোঁজ পাওয়ার ব্যবস্থা নেয়া হয়।