বাংলাদেশের লাখো ফুটবল ভক্তকে আনন্দের জোয়ারে ভাসিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেইসাথে জাতীয় দলের জার্সি গায়ে মেসির হাতে উঠেছে বড় কোন আসরের ট্রফি।
আর্জেন্টিনার বাংলাদেশি সমর্থকরা জয়ের এ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন নিজেদের মতো করে। জয়ের পর দেশজুড়ে মিছিল-র্যালি করে জানান দিয়েছেন আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজেদের ভালোবাসার।
তবে, তাদের এ আনন্দের ঢেউ পৌঁছে গেছে সেই আর্জেন্টিনাতেও। সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হুয়ান পাবলো সোরিন নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বাংলাদেশি সমর্থকদের উদযাপনের একটি ভিডিও পোস্ট করে স্মৃতিচারণ করেছেন ২৬ বছর আগে বাংলাদেশিদের সমর্থনের।
পোস্টের ক্যাপশনে সোরিন লিখেছেন, "কাতারে ২৬ বছর আগে ১৯৯৫ সালের কোপা কোয়ার্টার ফাইনালে আমরা খেলেছিলাম ব্রাজিলের বিপক্ষে। সবার কাছ থেকে দূরে বসে পরিবার আর বন্ধুদের সাথে কথা বলার মতো প্রযুক্তিও ছিল না তখন। কিন্তু স্টেডিয়ামে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে কয়েকজন হাসিমুখে আমাদের সাহস দিচ্ছিল। ওই পতাকায় লেখা ছিল 'বাংলাদেশ'।"
এরপর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সোরিন বলেন, "পৃথিবীর অন্য প্রান্তে বসে যারা কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে তাদের প্রতি আমার ধন্যবাদ আর কৃতজ্ঞতা।"
আর্জেন্টিনার দুই ফুটবল সেরা দিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি সোরিন। লিখেছেন, "ম্যারাডোনা আর মেসিসহ আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড়দের অবদানের কারণেই সারা পৃথিবীজুড়ে সমর্থক পেয়েছি আমরা। ২৮ বছর পর শিরোপা জেতার কারণে পৃথিবী আরেকটু খুশি হলো। সেদিন রাতেও এভাবেই আমরা নীল সাদায় জড়িয়ে উদযাপন করেছিলাম।"
এদিকে, টুর্নামেন্ট চলাকালে সোরিন প্রতিজ্ঞা করেছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে নিজের বহু বছরের দাড়ি কামিয়ে ফেলবেন। সে কথাও রেখেছেন। আর্জেন্টিনার জয়ের পর দাড়ি কামিয়ে ফেলার একটি ভিডিও পোস্ট করেন তিনি।
হুয়ান পাবলো সোরিন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একজন সাবেক খেলোয়াড়। তিনি ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অধিনায়কত্ব করেন। বর্তমানে তিনি একজন ফুটবল ধারাভাষ্যকার।
একাত্তর/এসজে