শিরোপা জেতাতে না পারলেও পিএসএলে সবচেয়ে দামি ওয়াটসন!

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবচেয়ে দামি কোচ। পিএসএলে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচ হিসেবে প্রতিদিন পাচ্ছেন ১৫ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা জেতাতে না পারলেও সবচেয়ে বেশি বেতন নিয়ে সাবেক এই অজি ক্রিকেটার গড়েছেন নয়া রেকর্ড।

পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কোয়েটার কোচ হিসেবে মোট ১ লাখ ৫০ হাজার ডলার পেয়েছেন ওয়াটসন। পাকিস্তানি মুদ্রায় ৪ কোটি ২০ লাখ রুপি। 

ওয়াটসন পাকিস্তানে অবস্থান করেছেন মোট ২৮ দিন। মোট পারিশ্রমিক ও পাকিস্তানের অবস্থানের সময় অনুসারে প্রতিদিনের জন্য ১৫ লাখ রুপি বেতন নিয়েছেন ওয়াটসন। 

কিছুদিন আগে অবশ্য পাকিস্তানের হেড কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ওয়াটসন। পিসিবির সেই প্রস্তাবে রাজি হলে প্রতি মাসে ১ লাখ ৬৫ হাজার ডলারের বেশি বেতন পেতেন এই অজি মাস্টারমাইন্ড।