ক্যারিবীয়দের কাছে বড় ব্যাবধানে হারলো বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচামরার ম্যাচে বাংলাদেশকে হেসে-খেলেই হারালো ক্যারিবীয়রা। ফলে সেমিফাইনালে যাওয়ার আশা অনেকটাই শেষ হয়ে গেলো বাংলাদেশের। আগামী ১২ অক্টোবর নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলার মেয়েরা। 

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের। আগে ব্যাটিং করলেও এদিন বড় পুঁজি পাননি নিগার সুলতানারা। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ছিলো মাত্র ১০৩ রান। নির্ধারিত ২০ ওভারে ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ বল এবং ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর চেপে বসেন দুই ক্যারিবীয়রা ওপেনার। তারকা ব্যাটার হেইলি ম্যাথিউস আরেক ওপেনার স্টেফানি টেইলরকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে তোলেন ৪৮ রান। 

২২ বল খেলা অধিনায়ক ম্যাথিউসকে ব্যক্তিগত ৩৪ রানে ফিরিয়ে দিয়ে ৫৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফা আক্তার। ম্যাথিউস বিদায় হওয়ার পর রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন ২৭ রান করা স্টেফানি টেইলর।

এরপর ১৬ বলে ২১ রান করা শেমেইন ক্যাম্পবেলকে ফেরান নাহিদা আক্তার। স্টাম্পিং হন শেমেইন। তবে ততক্ষণে ক্যারিবীয়দের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। 
সবশেষ দিয়েন্দ্রো দটিন ৭ বলে ১৯ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন। 

মাত্র ২ উইকেট হারিয়ে ১২ ওভার ৫ বলে ১০৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ক্যারিবীয়রা। 

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। 

এদিন দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার সাথী রানী। কারিশরা রামহারাকের বলে উইকেটরক্ষক শেমাইন ক্যাম্পবেলের হাতে স্টাম্পড হন তিনি। আরেক ওপেনার দিলারা আক্তারও বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ১৮ বলে ১৯ রান করে রামহারাকের বলে বোল্ড হন তিনি। 

এরপর নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন। ৪৩ বলে তাদের ব্যাট থেকে আসে ৪০ রান। রামহারাকের বলে ইনিংসে দ্বিতীয় স্টাম্পড হওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন মোস্তারি।

এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। তাতে যোগ দেন তাজ নাহার (১), স্বর্ণ আক্তার (০) ও রিতু মনি (১০)। তবে অপর প্রান্ত আগলে রাখেন জ্যোতি। রামহারাকের বলে সাজঘরে ফেরার আগে অধিনায়ক জ্যোতি ৪৪ বলে ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কারিশমা রামহারাক।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১০৩/৮ (দিলারা ১৯, সাথি ৯, সোবহানা ১৬, নিগার ৩৯, তাজ ১, স্বর্ণা ০, রিতু ১০, ফাহিমা ২, রাবেয়া ১*, নাহিদা ২*; হেনরি ২-০-১১-০, ম্যাথিউস ৪-০-১৯-১, কারিশমা ৪-০-১৭-৪, জোসেফ ১-০-৫-০, মুনিসার ৪-০-২০-০, অ‍্যালাইন ১-০-৫-০)

ওয়েস্ট ইন্ডিজ: ১২.৫ ওভারে ১০৪/২ (ম্যাথিউস ৩৪, টেইলর ২৭ রিটায়ার্ড হার্ট, ক্যাম্পবেল ২১, ডটিন ১৯*, হেনরি ২*; নাহিদা ৩-০-২২-১, মারুফা ৩-০-২০-১, ফাহিমা ২-০-১৮-০, রাবেয়া ২.৫-০-২৫-০, রিতু ১-০-৯-০, স্বর্ণা ১-০-৯-০)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: কারিশমা রামহারেক