ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন- পিএসজি বিশ্বের সেরা ফুটবলার লায়োনেল মেসিকে সই করাতে দিনক্ষণ গণনা শুরু করলেও, নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি এই আর্জের্টাইন ফরোয়ার্ড। সবার অপেক্ষা বাড়িয়ে নিজের বাড়িতেই আছেন তিনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে যখন সবাই মেসিকে স্বাগত জানাতে অপেক্ষায় সময় পার করছেন, তখন বার্সেলোনার ক্যাসেলডিফেলে নিজের বাড়িতে গভীর চিন্তায় মগ্ন মেসি। নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে খুঁটিয়ে দেখছেন এখন পর্যন্ত আসা সব প্রস্তাব।
তবে এটাও সত্যি যে, খুব বেশি ভাবনা চিন্তা করার সময় মেসির হাতেও নেই। কারণ, আগ্রহী দলগুলোও তাড়ায় আছে। কারণ, চলতি মৌসুমে দলবদলের দরজা বন্ধ হতে খুব বেশি সময় বাকি নেই। ফলে ক্লাবগুলোকে তার আগেই সব কিছু চুড়ান্ত করতে হবে।
বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে মেসিকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার পর, গেলো রোববার পিএসজি তাদের প্রস্তাব পাঠিয়ে দেয়। একদিন পরই পৌছে দেয়া হয় খসড়া চুক্তিও। জানা গেছে, মেসির সঙ্গে দুই বছরের চুক্তি করতে আগ্রহী পিএসজি।
এরমধ্যে পিএসজি ছাড়াও মেসির কাছে আরও কয়েকটি ক্লাব প্রস্তাব পাঠিয়েছে। তবে এসব প্রস্তাব বড্ড দেরিতে এসেছে বলেই খবর রটেছে। এ কারণে, বন্ধু নেইমারের সঙ্গেই প্যারিসের প্রিন্সেস পার্কে মেসিকে দেখা যাবে, এমনটাই ধরে নেওয়া হচ্ছে।
পিএসজি যত দ্রুত সম্ভব মেসির সঙ্গে চুক্তি সই এবং আগমন নিশ্চিত করতে চাইছে। কিন্তু, মেসি তাড়াহুড়ো করতে চাইছেন না বলেই ইউরোপের স্পোর্টস মিডিয়াগুলো বলছে। চুক্তির খুঁটিনাটি পরখ করে দেখছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
তবে পিএসজির কর্তৃপক্ষ অনেকটাই আত্মবিশ্বাসী, সব কিছু পরিকল্পনা মতোই চলছে এবং মঙ্গল বা বুধবারের মধ্যেই মেসির গায়ে পিএসজির জার্সি দেখা যাবে। অন্যদিকে মেসি শিবির কোন ধরনের দিনক্ষণ চূড়ান্ত করতে এখনো কিছুটা দ্বিধায় রয়েছে।
একাত্তর/ এনএ