পার্থে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের দুরন্ত জয়

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতের জয় ছিলো সময়ের ব্যাপার। সেই সময়টা ম্যাচের চতুর্থ দিনেই এলো। স্বাগতিক অস্ট্রেলিয়াকে দুমড়িয়ে মুচড়িয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও হারানো সিংহাসন ফিরে পেয়েছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর।

সোমবার পার্থ টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির পর ম্যাচ জিতে নেয় ভারত। ৫৩৪ রানের রেকর্ড পুঁজি তাড়ায় ২৩৮ রানের বেশি করতে পারেনি অজিরা। দলের হয়ে ওয়ানডে মেজাজে সর্বোচ্চ ৮৯ রান করেন ট্র্যাভিস হেড। বুমরাহ ও সিরাজ নেন তিনটি করে উইকেট। অস্ট্রেলিয়ায় টেস্টে এটি ভারতের সবচেয়ে বড় রানের জয়। এর আগে ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানের জয় ছিলো সবচেয়ে বড়।

চতুর্থ দিনের প্রথম সেশনে ভারত নেয় দুই উইকেট। এরপরে ট্র্যাভিস হেড দারুণ খেলেন। তাকে সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ। চা বিরতির পরেই ২৩৮ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এই জয়ে আরও ইতিহাসের জন্ম হয়েছে। এই প্রথম গতিময় পার্থ স্টেডিয়ামে কোনও অতিথি দল হিসেবে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া। এশিয়ার বাইরে এটি ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি রানের জয়।

india1

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরু থেকেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। চা বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়া ২২৭ রানে ৮ উইকেট হারাল। চা বিরতির আগে মিচেল স্টার্ককে ব্যক্তিগত ১২ রানে আউট করলেন ওয়াশিংটন সুন্দর। এখন অস্ট্রেলিয়ার জিততে আরও ৩০৭ রান দরকার। ভারতের প্রয়োজন আর মাত্র ২উইকেট। নীতীশ রেড্ডির প্রথম শিকার হয়ে ৪৭ রানে আউট হন মিচেল মার্শ।

জয়ে মূল কৃতিত্বটা দিতে হবে ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহকেই। অনেক অদল-বদলে চেহারা বদলে যাওয়া দলকে চমৎকার নেতৃত্ব দেন তিনি। সঙ্গে প্রথম দিন থেকে তার দুর্দান্ত বোলিং গড়ে দিয়েছে সবচেয়ে বড় ব্যবধান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয়ভাগে নেন আরও তিনটি। ফলে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

অবদান কম নয় বাকিদেরও। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। দুটি প্রাপ্তি স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারের। একটি করে শিকার ধরেন হার্শিত রানা ও নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে ব্যাট হাতে জয়ের ভিতটা গড়ে দেন তরুণ ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল। আর খরা কাটানো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে মুখ্য ভূমিকা রাখেন বিরাট কোহলি।

v2

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৫০ ও ৪৮৭/৬ ডিক্লেয়ার। অস্ট্রেলিয়া ১০৪ ও ২৩৮ (উসমান ৪, স্মিথ ১৭, হেড ৮৯, মার্শ ৪৭, কেয়ারি ৩৬, স্টার্ক ১২, লায়ন ০, হেইজেলউড ৪*; বুমরাহ ১২-১-৪২-৩, সিরাজ ১৪-২-৫১-৩, হার্শিত ১৩.৪-১-৬৯-১, ওয়াশিংটন ১৫-০-৪৮-২, নিতিশ ৪-০-২১-১)