মোহামেডানের সভাপতি নির্বাচিত বরকত উল্লাহ বুলু এমপি, পরিচালক হলেন ১৬ জন

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। একই সঙ্গে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামালসহ ক্লাবের আরও ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন পরবর্তী অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালক ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে সবার সহযোগিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। 

নির্বাচিত ১৬ জন পরিচালকের তালিকায় রয়েছেন দেশের ব্যবসা ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলো। মোস্তফা কামালসহ তারা হলেন- লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান, জাকির হোসেন চৌধুরী।

ক্লাবের এই নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খ্যাতিমান আইনজীবী ও ক্লাবের স্থায়ী সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহযোগিতা করেন ক্লাবের স্থায়ী সদস্য আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)।

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পরপরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি। সভায় সর্বসম্মতিক্রমে পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়াকে ডাইরেক্টর ইন-চার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন, পরিচালক মাহবুব উল আনামকে ডাইরেক্টর ফাইন্যান্স ও পরিচালক মো. মোস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া ক্লাবের পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান, মো. আবুল কালাম এমপি, এম এ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। পরিচালক মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সাজেদ এ এ আদেলকে হকি কমিটির চেয়ারম্যান এবং নিলুফার চৌধুরী মনিকে নারী উইংয়ের চেয়ারম্যান মনোনীত করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ক্লাবের সদস্য ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, নতুন এই শক্তিশালী কমিটির অধীনে মোহামেডান স্পোর্টিং ক্লাব তার হারানো গৌরব ফিরে পাবে এবং দেশের ক্রীড়াঙ্গনে আরও জোরালো ভূমিকা রাখবে।