টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।

শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল।

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই। এই ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হবে, আর জিততে পারলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ তৈরি হবে।

প্রথম টি-টোয়েন্টির পর বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদী হাসানকে বাইরে রেখে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে গতিময় পেসার নাহিদ রানা এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। তবে তাদের একাদশেও একটি পরিবর্তন এসেছে। জেভিয়ার বার্টলেটের পরিবর্তে সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, এডাম জাম্পা ও স্পেন্সার জনসন।