ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান

ছুটি কাটিয়ে বুধবার আবারও কলম্বোয় দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ঢাকায় অনুশীলন করে মুশফিক শ্রীলংকার বিমান ধরবেন বৃহস্পতিবার। একের পর এক ইনজুরি দলের মোমেন্টাম নষ্ট করেছে, এবার ভারত ম্যাচে কিছু পাবার পালা।

শ্রীলংকায় অলস সময় শেষে বুধবার অনুশীলন টিম বাংলাদেশের, মিলেছে আরও একদিন প্র্যাক্টিসের সুযোগ। কলম্বো থেকে টাইগারদের সবশেষ খবর থাকছে প্রতিবেদনে।

শ্রীলংকার কাছে হারের পর তিন নম্বর দিন। গুমট অবস্থা খানিকও বদলায় নি। হোটেলের লবিতে তিনদিকে দলের তিন কোচ, চন্ডিকা হাথুরু সিংহে সোফায় বসা, আরেকদিকে স্পিন কোচ রঙ্গনা হেরাথ ব্যস্ত মোবাইলে কথা বলায়, আর সহকারী কোচ নিক পোথাস-তিনি কিসে ব্যস্ত তা তিনিই ভালো বলতে পারবেন।

বিচ্ছিন্ন এই অবস্থায় দলের ক্যাপ্টেন নেই-ক্রিকেটাররা নানাভাবে নিজেদের চাঙা রাখার চেষ্টা করছেন। মাঠের যোদ্ধাদের কাছে একেকটা দিন যেন একেকটা বছর।

কিন্তু এই প্রতিকূলতার মাঝেও একটা মানুষ, হ্যাঁ শুধু একটা মানুষ-অবাক করে দিলো। তিনি জালাল ইউনূস, বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। দলের তিন কোচকে দেখেই এগিয়ে এলেন সবাইকে একসাথে ইন্সট্রাকশন দিলেন। সময় অল্প, প্রত্যেকটা সেকেন্ড বাংলাদেশ এই নামটার জন্য মহাগুরুত্বপূর্ণ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনূস নির্বাচকদের মতো কারও দোষ চাপান নি, কোন আশার মরীচিকাও সৃষ্টি করেন নি। সবচেয়ে বড় যেটা তিনি সত্যি বলেছেন।