রাত পোহালেই মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেটের ব্যাট-বলের লড়াই। বিশ্বের লাখো কোটি ক্রিকেটপ্রেমী সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেট দর্শকরাও। এবারের আসরে প্রিয় দল কিছু একটা করে দেখাবে, এক প্রত্যাশায় বুক বেঁধেছেন তারা।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, তা নিয়ে সন্দেহ নেই। নিজেদের সামর্থ্যের সবটা দিলে দারুণ কিছু অর্জন অস্বাভাবিক হবে না। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া সাকিব বাহিনী সেই সামর্থ্যও রাখে। কিন্তু মুশকিল হলো, শেষে গিয়ে আর খেই রাখতে পারে না টিম টাইগার্স।
বাংলাদেশ দলের সামর্থ্যের খবর রাখে বিশ্ব মিডিয়াও। তাই বিশ্বকাপ লিখতে ভারতে পা রাখতেই সেখানে জড়ো গণমাধ্যমের কাছে বেশ আগ্রহে পরিণত হয়েছে বাংলাদেশ দল। তবে এরিমধ্যে সাকিবদের বেশ কিছু বিষয় ভারতের গণমাধ্যমে শিরোনামে এসেছে, এর মধ্যে একটি হলো ভোজন বিলাস।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, টাইগার বাহিনী ভারতের পা রাখতে না রাখতেই লোভনীয় খাবারের এক লম্বা তালিকা ধরিয়ে দিয়েছে। এনিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে ক্রিকেটাররা কথা বলেছেন তাদের পছন্দের ভারতীয় খাবার নিয়ে।
ভিডিওতে জানতে চাওয়া হয়, ভারতের কোন খাবারটা তাঁদের সব থেকে বেশি পছন্দ? জবাবে মাহমুদউল্লাহ বলেন, তিনি বাটার চিকেন খেতেই সব থেকে পছন্দ করবেন। এছাড়া তাসকিন আহমেদ বলেন, ভারতে প্রচুর মজাদার খাবার রয়েছে। তবে আমি ভালো বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করব।
ভিডিওতে নিজের পছন্দের কথাও জানিয়েছেন ক্যাপ্টেন সাকিব। তিনি বলেন যে. রোগান জোশ খেতেই তিনি সব থেকে বেশি পছন্দ করবেন। আর এই ভিডিও নিয়েই নেট দুনিয়াতে ট্রল হয়েছে। সেখানে কেউ কেউ বলেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের খাবারের পছন্দ এতো লম্বা, তাহলে খেলবে কি করে?