ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক শান্ত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে জাতীয় দল। অধিনায়কের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই বেছে নেওয়া হয়েছে শান্তকে। ইতিমধ্যে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিন জন। তারা হলেন-বামহাতি স্পিনার হাসান মুরাদ, টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং পেসার হাসান মাহমুদ।

তাদের মধ্যে মুরাদ আর দিপু কোনো ফরম্যাটেই জাতীয় দলে এর আগে সুযোগ পাননি। এদিকে লিটন দাসের চোটে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 

সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলায়, শুরু হবে ছয় ডিসেম্বর।

এদিকে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফের তালিকায় আপাতত নেই কোনো পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ। নেই কোনো কম্পিউটার বিশ্লেষকও। এই অবস্থায় হাই পারফরম্যান্স ইউনিটের কোচদের দিয়েই চালানো হবে নিউজিল্যান্ড সিরিজ।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচিং স্টাফে আছেন কেবল তিনজন। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সহকারী কোচ নিক পোথাস এবং ট্রেনার নিক লি। কোচিং স্টাফে থাকবেন এইচপির প্রধান কোচ ডেভিড হেম্পও। তিনিও কাজ করবেন ব্যাটিং কোচ হিসেবে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।