বিপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ। মুখোমুখি হবে তামিমের ফরচুন বরিশাল ও সাকিবের রংপুর রাইডার্স। এই ম্যাচে জয়ী দল ফাইনালে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। মিরপুরে সাকিব-তামিমের দ্বৈরথ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ফুটবলে যেমন ব্রাজিল-আর্জেন্টিনা প্রশ্নে ভাগ হয়ে যায় গোটা বাংলা, তেমনি ক্রিকেটে সাকিব-তামিম শ্রেষ্ঠত্বেও নেই কোনো মীমাংসা। ফ্যানদের কাছে তাদের প্রিয় তারকাই সেরা। ওডিআই বিশ্বকাপে তামিম কেন খেলেননি সেই প্রশ্ন প্রশ্নই থেকে গেছে। দুই মহাতারকার মাঝে দূরত্ব কেবল বেড়েছে।
এপাশে সাকিব, ওপাশে তামিম অর্থাৎ দুই পুরোনো বন্ধুর দ্বৈরথ, কেড়ে নেয় সবার মনোযোগ। দানে দানে তিন দান। সাকিবের রংপুর রাইডার্স তামিমের ফরচুন বরিশাল মুখোমুখি হচ্ছে তৃতীয় বার। বুধবার বিপিএলের অঘোষিত সেমিফাইনাল। যে জিতবে সেই নিশ্চিত করবে ফাইনাল। এমন ম্যাচের আগে পরিস্থিতি উত্তাল।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব-তামিম মুখোমুখি হয়েছেন ১৮ বার। সাকিবের বলে তামিম আউট হয়েছেন চার বার। তারকা অলরাউন্ডারের ৮৫ বলে তামিমের মোট সংগ্রহ ১০৮ রান।
চলতি আসরে প্রথম দেখায় রংপুরকে পাঁচ উইকেটে হারায় বরিশাল। দ্বিতীয় দেখায় এক উইকেটের জয় তুলে নেয় রংপুর।
এবারের বিপিএলে দুরন্ত ফর্মে তামিম ইকবাল খান। দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনি বাজিমাত করতে চান। ১৩ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৩ রান বরিশালের কাপ্তানের ব্যাটে।
সেরা অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান নিশ্চিত করেছেন তার স্থান। ব্যাট হাতে ২৫৪ রান। বল হাতে ১৭ উইকেট। সাকিবের সেরা টোটাল ইম্প্যাক্ট। ক্রিক ইনফোর মতে এবারের বিপিএলের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার সাকিব।