টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। শেষ ওয়ানডেতে আঙুলে চোটের কারণে টেস্ট স্কোয়াডে নাম ওঠার পরও ছিটকে গেলেন এই উইকেটকিপার ব্যাটার।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান মুশফিক। ম্যাচ শেষে ঢাকায় এক্স-রে করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। এই চোট সেরে আবারও মাঠে ফিরতে আরও অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তার।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল যাবে চট্টগ্রাম। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ৩০ মার্চ।