সিরিজ বাঁচানোর ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়েছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-২ এ ড্র করেছে পাকিস্তান। আগে ব্যাট করে ব্লাক ক্যাপদের ৫ উইকেটে ১৭৮ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে ১৬৯ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বাবর আজমের ৬৯ আর ফখর জামানের ৪৩ রানের সুবাদে ফাইটিং স্কোর দাড় করায় পাকিস্তানের ব্যাটাররা। তবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান।
এরপর উসমান খানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়েন তিনি। ২৪ বলে ৩১ রান করে বিদায় নেন উসমান। বাবর থেকে যান, ৩৫ বলে করেন ফিফটি। শেষে ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রান করে থামেন বেন সিয়ার্সের বলে। এদিন একটি রেকর্ড গড়েছেন বাবর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড এখন তার দখলে। ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটার ১০৮ ইনিংসে ৪০৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তালিকার দুইয়ে থাকা আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৩৬ ইনিংসে হাঁকিয়েছেন ৪০৭টি বাউন্ডারি।
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারেই উইকেট হারায়। টম ব্ল্যান্ডেলকে তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় উইকেটে অবশ্য টিম সেইফার্ট ও মাইকেল ব্রেসওয়েল ৪৫ বলে ৭৬ রানের জুটি গড়ে ব্লাক ক্যাপদের ম্যাচে রাখেন। মোহাম্মদ আমিরের এক ওভারে বাউন্ডারির বন্যা বইয়ে দেন সেইফার্ট।
কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় শেষ পর্যন্ত আর লক্ষ্য পেরোতে পারেনি কিউইরা। সেইফার্ট ৩৩ বলে ৫২ রান করে আউটের শিকার হন। শেষদিকে লড়াই করেন নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন। কিন্তু বাকিদের কাছ থেকে কোনো সহায়তা পাননি তিনি। আফ্রিদি চার উইকেট নিয়েছেন ৩০ রান।