যুক্তরাষ্ট্রে ইনডোর জিম সেশন দিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। হিউস্টনের আবহাওয়া গেল কদিন ধরেই বেশ খারাপ, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু প্রেইরি ভিউর বেশিরভাগ স্থাপনা ওলট-পালট। তবে সূর্যের হাসির নিচেই রানিং সেশন সারতে পেরেছে নাজমুল শান্তর দল।
এক সময় ফিটনেস নিয়ে শুনতে হয়ে হয়েছে কতো কথা, বয়সের ভারে আর চলে না মাহমুদউল্লাহ রিয়াদ, এমন কথাও বলতে ছাড়েননি অনেকেই, সেই মানুষটাই এখন হয়েছে রীতিমতো ফিটনেসের বেঞ্চমার্ক। অনেক ইয়াংব্লাডকেও দিব্যি হারিয়ে দিতে পারেন। হিউস্টনের জিমেও লিটনের কাছ থেকে আদায় করে নিলেন হাত তালি।
পাশেই ক্যাপ্টেন শান্ত যেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান আর শরিফুল ইসলামকে দেখাচ্ছিলেন, ওয়েট লিফটিংটা কীভাবে করতে হয়, নিজের ছেড়ে দেয়া জায়গায় পুরো বাংলাদেশ দলের ভারই উঠেছে শান্তর কাঁধে, সেটা বইবার মতো শক্তপোক্ত তো কাঁধটা? গভীর দৃষ্টিতে সেটাই হয়তো মাপার চেষ্টা করছিলেন সাকিব।
তাসকিনের চলছে রিকভারি, জিমসেশনে তাই ফিজিওর অধীনে তার টাইগার পেসারের সাবধানী মুভ। ওদিকে তানজিম সাকিব আর রিশাদ হোসেন যেটা করলেন অনায়াসে, মোস্তাফিজ হারালেন খেই, তবে দ্য ফিজকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে কাটারমাস্টার যে প্রতিপক্ষে হাঁটু কাঁপিয়ে দিতে পারেন সেটা তো আইপিএলে প্রমাণিত।
কিন্তু হিউস্টনে বাংলাদেশ দল ইনডোরে কেন, যেদিন তারা এই শহরে ল্যান্ড করে আবহাওয়া ছিল বেশ খারাপ। যে মাঠে প্রেইরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ হওয়ার কথা সেটার বেশিরভাগ স্থাপনা তীব্র ঝড়ের কবলে হয়েছে লন্ডভন্ড। পূর্বাভাস বলছে, আরও কিছু আবহাওয়া হতে পারে খারাপ, তাতে ইউএসের সাথে তিন ম্যাচের সিরিজটা যেতে পারে ভেস্তে। কিন্তু তাতে তো প্রস্তুতিতে পিছিয়ে যাবে টাইগাররা।
শঙ্কার এমন কালো মেঘের ভেতরেই একটু আশার আলো। বাংলাদেশ দলকে ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত দেখা গেল আউটডোরেও, তখন তাদের ওপরে দেখা গেছে ঝকঝকে নীল আকাশ। অবশ্য আমেরিকার আবহাওয়াই এমন, পরের মুহূর্তের কোনো ভরসা নেই। তবে বাংলাদেশ দলটার ওপর ঠিকই ভরসা কোরে আছে ১৬ কোটি সমর্থক।