ভারতের কাছে ৫০ রানের হার টাইগারদের

ভারতের বিরুদ্ধে ১৯৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশ থামল ৮ উইকেটে ১৪৬ রানে। সেই সাথে এ ম্যাচে হারের মধ্য দিয়ে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ।

টসের সময়ই নাজমুল বলেছিলেন, এ উইকেটে ১৫০-১৬০ রানের স্কোর ভালো। তবে ঝামেলা হলো, ভারত আগেই করে বসেছে ১৯৬ রান। অ্যান্টিগায় বাংলাদেশের রান তাড়া গতি পায়নি কোনো পর্যায়েই। 

এ ম্যাচে দলের সহ-অধিনায়ক ও পেসারকে বসিয়ে রেখে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলিয়েছে বাংলাদেশ। সেই জাকের আলী সাতে নেমে করেছেন ৪ বলে ১ রান। 

অবশ্য বলা যায়, ম্যাচ শেষ তার আগেই। শুরুতে উইকেট ধরে রাখার কৌশলে এগিয়েছে বাংলাদেশ, কিন্তু লক্ষ্য যখন ১৯৬ রান, তখন আসলে শেষদিকে উইকেট রেখে খুব বেশি কিছু করার থাকেও না। 

রিশাদ হোসেন শেষ দিকে খেলেছেন ১০ বলে ২৪ রানের ক্যামিও। সে পর্যন্তই। মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। কুলদীপ যাদব ১৯ রানে নিয়েছেন ৩টি।

Kuldip

কুলদীপের ঘূর্ণিতে কাত টাইগার শিবির

ভারতের পেস অ্যাটাক মোটামুটি সামলে নিলেও স্পিনে কাত হয়ে গেছে টাইগার শিবির। ১৪ ওভার পর্যন্ত বাংলাদেশ হারিয়েছে চারটি উইকেট, তার তিনটিই নিয়েছেন কুলদীপ যাদব।

কুলদীপের প্রথম শিকার হন তানজিদ তামিম। এরপর তৌহিদ হৃদয় ও সাকিব আল হাসান। ৯ দশমিক চার ওভারে তামিম, ১১ দশমিক দুই ওভারে তৌহিদ হৃদয় এবং ১৩ দশমিক তিন ওভারে সাকিব আল হাসানের উইকেট নেন তিনি।

তবে একপাশ আগলে এখনও লড়ছেন কাপ্তান শান্ত। এখন পর্যন্ত তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

তার লড়াকু ইনিংস শেষ হয় ১৫ দশমিক তিন ওভারে। বুমরাহর একটি বলে সজোরে ব্যাট চালালো তা চলে যায় থার্ডম্যান এলাকায়। সেখানে ক্যাচটি তালুবন্দি করেন আর্শদীপ। ৩২ বলে তিন ছক্কা ও এক বাউন্ডারিতে ৪০ রান করেন তিনি।

এরপর মাঠে এসেই সাজঘরে ফিরে যান জাকের আলী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভার শেষে ছয় উইকেটে হারিয়ে ১২৭ রান। 

পাওয়ার প্লেতে লিটন, তারপর সাজঘরে তামিম

১৯৭ রানের বড় টার্গেটে প্রথম পাওয়ার প্লেতেই বাংলাদেশের রানের চাকায় ধীরগতি। এরই মধ্যে সাজঘরে ফিরেছেন লিটন দাস। চার দশমিক তিন ওভারে হার্দিকের একটি স্লোয়ার ডেলিভারি মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারতে গেলে তা চলে যায় সুরিয়া কুমারের হাতে।

১৩ বলে ১০ রান করে ফেরেন লিটন। এর মধ্যে ছিল একটি ছয়ের মার।

লিটনের পর ব্যাট করতে আসেন কাপ্তান শান্ত। শুরুতে ব্যাটে রান না এলেও আট দশমিক দুই ও পাঁচ ওভারে হার্দিককে দুটি ছক্কা হাঁকান শান্ত।

এদিকে নিয়মিত রান তুলে যাচ্ছিলেন তানজিদ হাসান সাকিব। ৯ দশমিক চার ওভারে কুলদীপের একটি বল টার্ন নিয়ে ভেতরে ঢোকার সময় তা ঠেকাতে ব্যর্থ হন তামিম। বোলারদের আবেদন সাড়া দেন আম্প্যায়র। পরে রিভিউ নিয়ে নিয়েও শেষ রক্ষা হয়নি। ৩১ বলে চারটি বাউন্ডারির সাহায্যে তিনি করেন ২৯ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৭ রান।

বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিলো ভারত

শেষ পর্যন্ত ভারতের রানের চাকার গতি রোধ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ভারতের কয়েকটি উইকেটের পতন ঘটলেও যথারীতি রান তুলতে থাকে রোহিত অ্যান্ড কোং। শুরুতে রোহিত ও এরপর সুরিয়া কুমারের তাণ্ডব থামালেও ভারতীয় ব্যাটারদের গড় স্ট্রাইক রেট প্রায় দুইশ’র কাছাকাছিই ছিল।

শেষ পর্যন্ত হার্দিক পাণ্ডিয়ার ঝড়ো ইনিংসে ২০ ওভার শেষে পাঁচ উইকেটে হারিয়ে ১৯৬ রানের পুঁজি পায় টিম ইন্ডিয়া। ২৭ বলে তিন ছক্কা ও চার বাউন্ডারিতে তিনি ক্যারিয়ারের আরেকটি ফিফটি তুলে নেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন দুটি করে এবং সাকিব আল হাসান পেয়েছেন একটি উইকেট।

বড় সংগ্রহের দিকে টিম ইন্ডিয়া, রিশাদের আরেক শিকার

ম্যাচ যতো গড়াচ্ছে ততই বড় সংগ্রহের দিকে আগাচ্ছে টিম ইন্ডিয়া। রিশভ পন্থের উইকেট পতনের পর হার্দিক- শিভম জুটিতে রান আসছিল বেশ গতিতেই। ৫৩ রানের এই জুটি ভাঙেন সেই রিশাদ। ১৭ দশমিক দুই ওভারে স্ট্যাম্পের ওপরের একটি ডেলিভারি ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হন শিভম দুবে। ২৪ বলে ৩৪ রান করা দুবে হাঁকিয়েছেন তিনটি বিশাল ছক্কা। আর রিশাদের এটি দ্বিতীয় উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভারে শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৭৮ রান। ব্যাট করছেন হার্দিক পাণ্ডিয়া ও আকশার প্যাটেল।

রিশাদের ঘূর্ণিতে থামলেন ভয়ঙ্কর রিশভ

ভারতের উইকেট নিয়মিত পড়লেও রান তোলা গতি কমছিলনা কিছুতেই। রোহিত, কোহলি, সুরিয়ার বিদায়ের পর দ্রুত রান তোলার কাজে হাত লাগান রিশভ পন্থ। মোস্তাফিজুরসহ স্পিনারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন তিনি।

১১ দশমিক চার ওভারে রিশাদের অফ স্ট্যাম্পের কিছুটা বাইরের একটি ডেলিভারি রিশভ রিভার্স করতে গেলে তা সরাসরি চলে যায় তানজিমের হাতে। ততক্ষণে ২৪ বলে ৩৬ রানের একটি ইনিংস খেলে ফেলেছেন তিনি। যার মধ্যে দুটি ছক্কা ও চারটি বাউন্ডারি রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভারে শেষে চার উইকেট হারিয়ে ১৫৫ রান। ব্যাট করছেন হার্দিক পাণ্ডিয়া ও শিভম দুবে।

কোহলি-সুরিয়াকে ফিরিয়ে চমকে দিলো তানজিম সাকিব

হিটম্যান রোহিতের প্যাভিলিয়নে ফেরতের পর ধারনা করা হচ্ছিলো এবার রানের চাকার গতি হয়তো কিছুটা ধীর হবে। কিন্তু তা হয়নি। আরেক ওপেনার নান্দনিক সব শর্টে রান তুলছিলেন ঝড়ের গতিতে।

আট দশমিক এক ওভারে পেসার তানজিম সাকিবের ওভার পিচ একটি ডেলিভারি ক্রস ব্যাটে ফ্লিক করতে গেলে তা ভেঙে দেয় কোহলির স্ট্যাম্প, উদযাপনে মাতে টিম টাইগার্স।

২৮ বলে ৩৭ রান করা কোহলি ছক্কা হাঁকিয়েছেন তিনটি এবং বাউন্ডারি একটি।

কোহলির পর ব্যাট করতে আসেন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার সুরিয়া কুমার যাদব। এসে তানজিম সাকিবকে হাঁকান এক বিশাল ছক্কা। কিন্তু কে জানাতো এর পরের বলেই রয়েছে এক বিশাল চমক।

আট দশমিক তিন ওভারে অফ স্ট্যাম্পের বাইরের একটি বল পেয়েন্টে ঠেলে দিতে গিয়ে ব্যাটের কানা ছুয়ে যায় সুরিয়ার। আবারও উদযাপনে মাতে শান্তরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৩ রান। রিশব পন্থ ১২ এবং শিভম দুবে দুই রানে ব্যাট করছেন।

হিটম্যানকে ফিরিয়ে সাকিবের অনন্য রেকর্ড

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছিল হিটম্যান খ্যাত ভারতীয় কাপ্তান রোহিত শর্মা ও আরেক ওপেনার বিরাট কোহলি। তাদের রান তোলার গতি ছিল ১০ এর ওপরে।

তবে তিন দশমিক চার ওভারে সাকিব আল হাসানকে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারেন রোহিত। ব্যাটের কানায় বলে লেগে তা তালুবন্দি হয় জাকের আলীর।

১১ বলে ২৩ রানের মধ্যে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান রোহিত। তারপর ব্যাট করতে এসেছেন ভারতের উইকেট কিপার ব্যাটার রিশব পন্থ। অপর প্রান্তে রয়েছেন বিরাট কোহলি।

আর সাকিবের এই উইকেটে পাওয়ার মধ্য দিয়ে পূরণ হলো টি-টোয়ন্টিতে ৪২ ম্যাচে ৫০ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করলেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ আট ওভারে এক উইকেট হারিয়ে ৭১ রান। বিরাট কোহলি ৩৭ এবং রিশব পন্থ ৯ রানে ব্যাট করছেন।

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে আজকে তাসকিন আহমেদকে ছাড়াই মাঠে নামছে শান্তরা। তাসকিনের বদলে দলে ফিরেছেন জাকের আলী। তবে অপরিবর্তীত হয়েছে ভারতের একাদশ। একই সঙ্গে টুর্নামেন্টে এখনও অপরাজিত তারা।

রোববার রাত সাড়ে আটটায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগোয়ায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বল গড়াবে।

টসের পর শান্ত বলেন, ভারতকে একটি ছোট স্কোরে সীমাবদ্ধ রাখতে আমরা প্রথমে বল করতে চাই। এটাই আমাদের পরিকল্পনা। আমরা এখানকার অবস্থা এবং বায়ু ফ্যাক্টর সম্পর্কেও জানি।

উইকেট সম্পর্কে তিনি বলেন, উইকেট দেখতে ভালো। আমি মনে করি ১৫০ থেকে ১৬০ একটি ভালো স্কোর হবে। 

ভারতীয় কাপ্তান রোহিত শর্মা বলেন, টস জিতে আমরাও ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটাই পেয়েছি। আমাদের দলে কোনো পরিবর্তন নেই। 

বাংলাদেশ একাদশ:  তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশব পন্থ, সুরিয়া কুমার যাদব, শিভম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, আর্শদীপ সিং, কুলিদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।