আবারো টেস্টে ফেরার জন্য প্রস্তুত তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের দরে দেখা যাবে এই স্পিডস্টারকে।
শনিবার ক্রিকেটারদের ফিটনেস অ্যাসেসমেন্ট শেষে জানিয়েছেন টিম ফিজিও বায়েজিদুর ইসলাম। বৃষ্টির কারণে এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত ফিটনেস টেস্ট বাতিল করা হয়।
ঝিরি ঝিরি বৃষ্টিতে থমকে যাওয়া মিরাজের মাথায় মুস্তাফিজের ভরসার ছাতা, ভাঙা ছাতায় নিচে কাঁধে কাঁধ মিলিয়ে চলা ফিজ আর মিরাজের পথ অবশ্য এখন আলাদা। মিরাজ সব ফরম্যাটে খেললেও শুধু সাদা বলে খেলছেন মুস্তা। শনিবার জাতীয় দলের ফিটনেস অ্যাসেসমেন্ট টেস্টের জন্য সবার এক হওয়া।
সাতসকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে জাতীয় দলের ফিটনেস টেস্ট হবার কথা ছিলো, কিন্তু বৃষ্টিতে সেই পরিকল্পনা পন্ড। শেষ পর্যন্ত বেঞ্চপ্রেস, স্কোয়াড আর চিন আপে ক্রিকেটারদের অ্যাসেসমেন্ট আটকে ছিলো হোম অফ ক্রিকেটে জিমের চার দেয়ালে।
বৃষ্টিস্নাত গোমরা দিনেও তাসকিনের মুখে স্বস্তির হাসি, দূর থেকে নারী ক্রিকেটার ফারজানা হক তাসকিনের ফিটনেস রেজাল্ট জানতে চাইলে তাসকিন জানান সব ঠিকঠাক।
গত ফেব্রুয়ারিতে বিসিবিকে চিঠি দিয়ে টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। ইনজুরির কারণে ঝুঁকি নিয়ে লম্বা ফরম্যাটের ক্রিকেটে খেলতে চাননি। কিন্তু পাকিস্তান সফরের দুই টেস্টে তাসকিনের ফেরার গুঞ্জন। ফিট হয়ে আবারো লাল বলে পারফর্ম করতে কতটা প্রস্তুত তাসকিন আহমেদ?
১৪ ক্রিকেটার ক্যাম্পের প্রথম দিনে যোগ দিয়েছেন দলের সাথে। রোববার থেকে চান্ডিকা হাতুরুসিংহের অধীনে মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং। ১৭ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল।